টিকিট না পেয়ে ব্যাংক ভবনে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট না পেয়ে মিরপুর ১০ নম্বরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাইরের কাচ ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। ছবি: কৌশিক চাকমা
টিকিট না পেয়ে মিরপুর ১০ নম্বরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাইরের কাচ ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। ছবি: কৌশিক চাকমা

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের টিকিটপ্রত্যাশীরা মিরপুর ১০ নম্বরে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাইরের কাচ ভাঙচুর করেছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
টিকিট নিতে আসা তানভীর শাহরিয়ার প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, গতকাল রোববার রাত ১২টায় তিনি প্রথমে ব্যাংকের সামনে আসেন। এরপর চলে গিয়ে ভোর চারটায় লাইনে দাঁড়ান। কিন্তু আজ টিকিট পাননি তিনি।
শাহরিয়ারসহ অনেকেরই অভিযোগ, ব্যাংকের এ শাখায় টিকিট কালোবাজারি হয়েছে। টিকিটপ্রত্যাশীদের দাবি, প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল, আজ সোমবার ৫০০ টিকিট দেওয়া হবে। অথচ মাত্র আটটি টিকিট বিক্রির পরই জানানো হয়, আর টিকিট নেই। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ লোকজন। পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তাঁদের অভিযোগ, গতকালই নাকি পুলিশ অনেক টিকিট নিয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে মিরপুর থানার ভ্রাম্যমাণ পরিদর্শক তৈয়বুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গতকালই টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ গতকালই তা জানিয়ে দেয়। আজ এ শাখায় কোনো টিকিট বিক্রি হয়নি। তাঁরা কেন এসব কথা বলছেন, তাঁরাই ভালো জানেন।

ব্যাংক কর্তৃপক্ষও সব অভিযোগ অস্বীকার করেছে। শাখাপ্রধান অমলেন্দু রায় বলেন, ‘প্রথম ওয়ানডের মোট চার হাজার ১২০টি টিকিট বিক্রির জন্য আমাদের দেওয়া হয়েছিল। গতকাল বেলা তিনটার মধ্যে টিকিট বিক্রি শেষ হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ও ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়, সোমবার টিকিট বিক্রি হবে না। এর পরও টিকিটের জন্য এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

কালোবাজারি বা পুলিশকে টিকিট দেওয়ার খবর অস্বীকার করে অমলেন্দু রায় বলেন, জনপ্রতি একটি করে টিকিটই দেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি।