টিকিট পাননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতেও সকালে টিকিটপ্রত্যাশীদের ভিড় ছিল। বিকেল নাগাদ অনেকেই চাহিদা অনুযায়ী বাসের টিকিট পাননি।

কমলাপুর রেলস্টেশনে গতকাল সকাল আটটায় শুরু হয় ২৩ জুনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। লম্বা সারির অধিকাংশই এসেছিলেন সাহ্‌রি খাওয়ার পর। তবে সবাই টিকিট পাননি।

কয়েকজন অভিযোগ করেন, টিকিট বিক্রি শুরু হওয়ার আধা ঘণ্টা পর কাউন্টার থেকে বলা হয়, দেওয়ানগঞ্জ পথের তিস্তা ট্রেনের টিকিট শেষ। সকাল পৌনে ১০টার দিকে রংপুর এক্সপ্রেসের টিকিট শেষ হয়ে যায় বলে জানানো হয়। কিশোরগঞ্জের দুটি ট্রেনের অগ্রিম টিকিট পাননি বলে অভিযোগ করেন টিকিটপ্রত্যাশীরা।

তিস্তা এক্সপ্রেসের টিকিট কাটতে মঙ্গলবার রাতে নিজামউদ্দিন স্টেশনে আসেন। তিনি কাউন্টারের সামনে সারির শুরুর দিকেই ছিলেন। আধা ঘণ্টার মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বলেন, সকালে হাজার হাজার লোক স্টেশনে ছিল। টিকিটের প্রচুর চাহিদা ছিল বলেই প্রচুর টিকিট বিক্রি হয়েছে। তবে কেউ টিকিট ছাড়া ফেরত যাননি। তিনি বলেন, গতকাল অগ্রিম টিকিট ছিল ২৪ হাজার ৬০৮টি। এই টিকিটের ৬৫ শতাংশ কাউন্টার থেকে দেওয়া হবে, বাকি ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলের মাধ্যমে, ৫ শতাংশ ভিআইপিদের জন্য ও ৫ শতাংশ রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত।

এদিকে গতকালও অনেকে বাসের অগ্রিম টিকিট কেনেন। গতকাল বেশি বিক্রি হয়েছে ২৩, ২৪, ২৫ জুনের যাত্রার টিকিট। চাহিদা বেশি থাকায় এই তারিখের বেশির ভাগ টিকিটই বিক্রি হয়ে যায়। ফলে অনেকেই চাহিদামতো টিকিট পাননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাতিল আলম সকালে পঞ্চগড়ের ২৩ জুনের টিকিট কিনতে গাবতলীতে যান। তিনি বেশ কয়েকটি কাউন্টার ঘুরেও টিকিট না পেয়ে ফিরে গেছেন।

হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ২৫ জুন সকাল পর্যন্ত সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।