টিকিট বিক্রির টাকা লুটের জন্য চার ভাই হত্যা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল কর্মচারী ইসরাফিল হোসেনকে খুন করা হয়েছে টাকা লুটের জন্য। চার ভাই মিলে তাঁকে খুন করে টিকিট বিক্রির ১৪ লাখ টাকা লুট করেন।
এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবু তালেব খান নামের এক ব্যক্তি গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইসরাফিল হত্যাকাণ্ডে তাঁর ও তাঁর তিন ভাইয়ের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এই মামলার তদন্তকারী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্প্রতি আবু তালেবকে গ্রেপ্তার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৪ অক্টোবর দিবাগত রাতে কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারের ভেতর ইসরাফিল খুন হন। ৫ অক্টোবর সকালে কাউন্টার থেকে পুলিশ তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। রেল কর্তৃপক্ষ দাবি করেছিল, ইসরাফিলকে খুন করার পর দুর্বৃত্তরা টিকিট বিক্রির প্রায় ১৭ লাখ টাকা লুট করেছে। এ ঘটনায় স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর পুলিশ মো. লিটন ওরফে কাটা লিটন নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে। কিছুদিন পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডি আবদুর রাজ্জাক নামের একজনকে গ্রেপ্তার করলেও রহস্য উদ্ঘাটন হয়নি। পরে ১১ ফেব্রুয়ারি গুলশান এলাকা থেকে আবু তালেবকে গ্রেপ্তারের পর ঘটনার সূত্র খুঁজে পায় সিআইডি।
সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আবু তালেব রিকশা-ভ্যান মেরামতকারী। তাঁরা চার ভাই কমলাপুর এলাকায় থাকেন। তাঁর এক ভাই রংমিস্ত্রি। ওই হত্যাকাণ্ডের কিছুদিন আগে টিকিট ঘরসহ স্টেশনে সংস্কারকাজ হওয়ায় সেখানে তালেবের ওই ভাইও কাজ পান। কাজ দ্রুত শেষ করার জন্য দিন-রাত কাজ চলত। এতে ওই রংমিস্ত্রি দেখেন, টিকিটঘরের ভেতরে রাতের পালায় ইসরাফিল ছাড়া কেউ থাকেন না। টিকিট বিক্রির সব টাকা তাঁর কাছেই জমা হতো।
সিআইডির কর্মকর্তারা জানান, ওই রংমিস্ত্রির অনেক ঋণ ছিল। ফলে তিনি টিকিট বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনার কথা আবু তালেবসহ তিন ভাইকে জানান তিনি। পরে চার ভাই মিলে রাত তিনটার দিকে টিকিটঘরে ঢুকে ইসরাফিলকে হত্যা করেন। আবু তালেব জানিয়েছেন, হত্যার পর তাঁরা মোট ১৪ লাখ টাকা লুট করেন। পরে তাঁরা প্রথমে মহাখালী এবং পরে টঙ্গীর এক বাড়িতে আশ্রয় নেন। লুণ্ঠিত টাকা দিয়ে তাঁরা ঋণ শোধ করেন এবং কিছু জমি কেনেন। এরপর যে যার মতো আত্মগোপনে চলে যান।
সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ বলেন, নিহত ইসরাফিল সর্বশেষ কাদের সঙ্গে কথা বলেছেন এবং কার সঙ্গে ছিলেন প্রভৃতি বিষয় নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে জানা যায়, কিছুদিন আগে সেখানে সংস্কারকাজ হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পরও একজন ইসরাফিলের কক্ষে যাতায়াত করতেন। ওই একজন হলেন আবু তালেবের ভাই। প্রযুক্তি ব্যবহার করে আবু তালেবের অবস্থান শনাক্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থে আবু তালেবের ওই তিন ভাইয়ের নাম বলা যাচ্ছে না। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।