
কমলাপুর রেলওয়ে স্টেশনে গভীর রাত থেকে উপচে পড়া ভিড়। আজ সকাল নয়টা থেকেই ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও লোকজন জড়ো হয়েছেন মধ্যরাত থেকে। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা বলছেন, টিকিট দেওয়ার গতি খুব ধীর। এ ছাড়া প্রথম দিনেই প্রথম শ্রেণীর টিকিটের সংকট দেখা দিয়েছে।
রেলস্টেশনে অপেক্ষমাণ কামরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘লাইনে দাঁড়ানোর পর স্টেশন থেকে একটি চাহিদাপত্র দেওয়া হচ্ছে। বিভিন্ন তথ্য লিখে এই চাহিদাপত্র কাউন্টারে জমা দিয়ে টিকিট নিতে হচ্ছে।
কাউন্টারে দায়িত্বরত একজন কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, একজনকে টিকিট দিতে গেলে বেশ কিছু কাজ শেষ করতে হয়। যাত্রীদের বিভিন্ন চাহিদা থাকে। তাই একটু বেশি সময় লেগে যায়।
এদিকে গতকাল মধ্যরাত থেকে ট্রেনের টিকিট কেনার জন্য কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মাসুদ আলম ও মিজানুর রহমান। প্রথম আলো ডটকমকে মাসুদ আলম বলেন, ‘আমাদের ছয়টা প্রথম শ্রেণীর টিকিট দরকার ছিল। পেলাম দুটো। প্র্রথম শ্রেণীর টিকিট নাকি নেই।’
কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার একই অভিযোগ করেছেন আরও অনেকে। রাজশাহীর টিকিট নিতে আসা গৃহিণী হাসিনা বেগমের সঙ্গে কথা হয় বেলা ১১টার দিকে। তিনি বলেন, ‘সকাল ছয়টা থেকে টিকিটের জন্য অপেক্ষা করছি। এসি টিকিট নিতে চেয়েছিলাম। পাইনি। বাধ্য হয়ে শোভন চেয়ারের টিকিট নিলাম।’
খোঁজ নিয়ে জানা গেল, বিভিন্ন ধরনের কোটার চক্করে পড়ে সাধারণ যাত্রীরা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। কমলাপুর রেলওয়ের স্টেশন ব্যবস্থাপক মো. খায়রুল বশীর জানান, এসএমএস ও ই-টিকিট, ভিআইপি ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩৫ শতাংশ কোটা আছে। বাকি ৬৫ শতাংশ টিকিট সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ। একসঙ্গে অনেকগুলো কাউন্টার থেকে টিকিট দেওয়ায় কোনো কোনো কাউন্টারে টিকিটের স্বল্পতা দেখা দিতে পারে বলে মনে করেন তিনি।
ঈদে থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় সবগুলো ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে। এ ছাড়া ঈদ উপলক্ষে ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে অতিরিক্ত তিনটি ট্রেন সংযোজন করা হয়েছে। এগুলো ঈদের তিন দিন আগে থেকে শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের এক দিন পর থেকে শুরু হয়ে ঢাকা-পার্বতীপুর পাঁচ দিন এবং ঢাকা- দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনা সাত দিন চলবে। স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশীর জানান, যাত্রীদের চাপের কথা মাথায় রেখে এই অতিরিক্ত বগি ও ট্রেন সংযোজন করা হচ্ছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এ ছাড়া ঈদ উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন কেবল আন্তনগর ট্রেনে ১৭ হাজার যাত্রী পরিবহনের সুব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
নারীদের জন্য আলাদা কাউন্টার: কমলাপুর রেলওয়ে স্টেশনে নারীদের অগ্রিম টিকিট দেওয়ার জন্য একটি আলাদা কাউন্টার খোলা হয়েছে। এই কাউন্টারে সকাল থেকেই ভিড় লক্ষ করা যায়। টিকিট নিতে আসা মনিরা খাতুন জানান, ‘ঈদের সময় বাসে খুলনা যেতে অনেক সময় লাগে। যানজটের পাশাপাশি থাকে ফেরিঘাটে জ্যাম। এতে সময় বেশি নষ্ট হয়। তাই ট্রেনের টিকিট নিতে আসলাম।’
অগ্রিম টিকিট: কমলাপুর স্টেশন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে আন্তনগর ও ঈদ-স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। ৬ অক্টোবর পর্যন্ত এটা চলবে। আজ ১১ অক্টোবরের টিকিট দেওয়া হচ্ছে। এ ছাড়া আগামীকাল ১২ অক্টোবরের, ৪ অক্টোবর ১৩ অক্টোবরের, ৫ অক্টোবর ১৪ অক্টোবরের এবং ৬ অক্টোবর ১৫ অক্টোবরের অগ্রিম টিকিট দেওয়া হবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার জামাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, এবার টিকিট নিতে আসা মানুষের চাপ তুলনামূলক বেশি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে নিরাপত্তাকর্মীরা সেই চেষ্টা করছেন। সবাই সারিবদ্ধভাবে টিকিট নিচ্ছেন। কাউকে সারিতে দাঁড়ানো ছাড়া টিকিট নিতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।