টিকিট সংগ্রহে ভোগান্তি-অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর আজ রোববার নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম সরগরম হবে। এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচ।

এই ম্যাচকে ঘিরে স্থানীয়রা উচ্ছ্বসিত। রাতভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর যাঁরা টিকিট সংগ্রহ করতে পেরেছেন, তাঁরা আনন্দিত। আবার টিকিট না পেয়ে অনেকে হতাশ, ক্ষুব্ধ। তুলেছেন টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ। টিকিট সংগ্রহ করতে গিয়ে আবার অনেকেই পুলিশ ও র‌্যাবের লাঠিপেটার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

স্টেডিয়ামের সহকারী ভেন্যু ম্যানেজার তোফায়েল আহমেঞ্চদ প্রথম আলোকে জানান, ২০০৬ সালে এই স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল। আজ আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। মাঠের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিজেদের মাঠে আন্তর্জাতিক এই ম্যাচ ঘিরে নারায়ণগঞ্জসহ আশপাশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

গতকাল সকাল ১০টা থেকে ইউসিবি ব্যাংকের চাষাঢ়া ও টানবাজার শাখা থেকে টিকিট বিক্রি করা হয়। টিকিটের জন্য গত শুক্রবার রাত হাজারো নারী-পুরুষ দীর্ঘ লাইন দাঁড়ান। দীর্ঘ প্রতীক্ষার পর শহরের চাষাঢ়ায় অবস্থিত ইউসিবি ব্যাংকের শাখা থেকে প্রথম টিকিট পান উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা সাকিল আহমেঞ্চদ। তিনি জানান, টিকিট কিনতে পেরে তিনি খুবই আনন্দিত।

তবে টিকিট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। লাইন ভেঙে অনেকে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কয়েক দফা লাঠিপেটা করে।

 জেলা ক্রীড়া সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা কয়েক শ টিকিট সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা-কর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের বিতরণ করেছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, টিকিট বিক্রির প্রক্রিয়া স্বচ্ছ নয়। ক্রিকেটামোদীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট কিনতে পারেননি। এ সময় তাঁরা নানা হয়রানির শিকার হয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেঞ্চদ বলেন, এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৮ হাজার। টিকিট নিয়ে জেলা ক্রীড়া সংস্থা কোনো অনিয়ম করেনি। বিসিবির সরাসরি তত্ত্বাবধানে টিকিট বিক্রি করা হয়েছে।

ব্যাংকের চাষাঢ়া শাখার ব্যবস্থাপক আবদুর রব জানান, নারায়ণগঞ্জের জন্য গ্যালারির আট হাজার এক শ টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইউসিবি ব্যাংকের চাষাঢ়া শাখায় চার হাজার এবং টানবাজার শাখায় চার হাজার এক শ টিকিট বরাদ্দ করা হয়েছে। আর প্রতিটি শাখায় ২০টি করে মাত্র ৪০টি ভিআইপি টিকিট দেওয়া হয়।

সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শুক্রবারের পুলিশের সঙ্গে টিকিটপ্রত্যাশীদের সংঘর্ষের ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন ছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।