টিকিটে বাড়তি ভাড়া, দুর্ভোগে বাসযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিটের জন্য বাস কাউন্টারে অপেক্ষমাণ এক তরুণী। ছবিটি গতকাল গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে তোলা l প্রথম আলো
টিকিটের জন্য বাস কাউন্টারে অপেক্ষমাণ এক তরুণী। ছবিটি গতকাল গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে তোলা l প্রথম আলো

ঈদের তিন-চার দিন আগের টিকিট কাউন্টার থেকে আগেই হাওয়া। কালোবাজারিদের কাছ থেকে বা যেভাবেই হোক টিকিট সংগ্রহ সম্ভব হলেও ঈদের সময় থাকবে ভিড় আর যানজটের মতো ভোগান্তি। তাই পরিবারের বাকি সদস্যদের আগেই নির্ঝঞ্ঝাটে বাসে তুলে দিতে অনেকেই গতকাল সোমবার ভিড় জমিয়েছিলেন গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে। কিন্তু দুর্ভোগ তাঁদের পিছু ছাড়েনি। বাড়তি ভাড়া গুনতে হয়েছে। পড়তে হয়েছে প্রতারক, দালালদের খপ্পরে।
গতকাল দুপুর ১২টার দিকে গাবতলী টার্মিনালে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আবদুল জলিল ক্ষোভ প্রকাশ করছিলেন। সঙ্গে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান। ঈদের ছুটির যাত্রার যাবতীয় দুর্ভোগ এড়াতে আগেই আবদুল জলিল তাঁর পরিবারের লোকদের বাড়ি (মাগুরা) পাঠাতে টার্মিনালে এসেছেন। তাঁর অভিযোগ, টিকিট থাকলেও বিভিন্ন কাউন্টার থেকে প্রথমে ‘নেই’ বলা হচ্ছে। বাড়তি টাকা দিলে মিলছে। মাগুরার সাড়ে ৪০০ টাকার ভাড়া সাড়ে ৫০০ টাকার কমে দিচ্ছে না। তিনি হানিফসহ কয়েকটি পরিবহনের কাউন্টারে ঘুরেছেন বলে জানান।
গাবতলী, কল্যাণপুর, শ্যামলী থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ৪০টি রুটের বাস ছাড়ে। ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরার মূল যাত্রা শুরু হবে ২৪ জুলাই থেকে। কিন্তু গতকালও ঘরমুখী মানুষের কিছু ভিড় দেখা গেছে। তারই সুযোগ নিচ্ছে পরিবহন কাউন্টারগুলো। কিছু যাত্রী অভিযোগ করেন, রংপুর, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, ফরিদপুর, পিরোজপুর, বরিশালসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য গতকাল অনেক যাত্রী গাবতলীতে এসে হোঁচট খেয়েছেন। গাবতলী ও আশপাশের কাউন্টারগুলো থেকেই কালোবাজারিদের হাতে টিকিট তুলে দেওয়া হয়েছে। তাঁদের কাছে ২৭, ২৮ জুলাইয়ের টিকিটও পাওয়া যাচ্ছে।
টার্মিনালে এবং কল্যাণপুর ও শ্যামলীতে সোহাগ পরিবহন, রোজিনা এন্টার প্রাইজ, কল্যাণপুরে নিউ এলিগেন্স ট্রাভেলস, মডার্ন এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, আগমনী এক্সপ্রেস, এসআর ট্রাভেলস, টিআর ট্রাভেলস পরিবহন কার্যালয় বা কাউন্টারের সামনে প্রকাশ্যে কোনো কালোবাজারির তৎপরতা দেখা যায়নি। তবে কাছাকাছি এলাকায় ছিল কালোবাজারিদের আনাগোনা। তাঁরা যাত্রীদের কানের কাছে ফিসফিস করে জানতে চাইছেন, কোন তারিখের কোন জায়গার টিকিট দরকার। প্রতি টিকিটের দাম হাঁকছেন প্রায় দ্বিগুণ, তিন গুণ।
টিআর ট্রাভেলস কাউন্টারের সামনে এক ব্যক্তি এই প্রতিবেদককে কোন গন্তব্যের টিকিট দরকার জানতে চান। এই টিকিট কাউন্টার থেকে সরবরাহ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি দ্রুত সরে যান। পরে কাউন্টারে গিয়ে বিষয়টি জানতে চাইলে উপস্থিত লোকজন এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
গাবতলী টার্মিনাল কার্যালয়ের একাধিক কর্মকর্তা অবশ্য দাবি করেন, যাঁদের কালোবাজারি বলা হচ্ছে, তাঁরা আসলে তা নন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অত্যন্ত কষ্ট করে তাঁরা সীমিতসংখ্যক টিকিট সংগ্রহ করেছিলেন। সেই টিকিটই বিক্রি করছেন, পরিশ্রমের জন্য কিছু বকশিশ নিচ্ছেন মাত্র। এটা অপরাধ নয়।