টিকিটেও মেলে না আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল ৭টা ১২ মিনিটে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশ করে। থামার পরপরই কয়েক শ যাত্রী হুড়োহুড়ি করে ট্রেনে ওঠে। শুক্রবার তোলা ছবি l প্রথম আ​েলা
সকাল ৭টা ১২ মিনিটে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশ করে। থামার পরপরই কয়েক শ যাত্রী হুড়োহুড়ি করে ট্রেনে ওঠে। শুক্রবার তোলা ছবি l প্রথম আ​েলা

নরসিংদী পৌর শহরের বুয়াকুড় মহল্লার হামিদ মিয়া। চাকরি করেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তিতাস কমিউটার ট্রেনে করে নিয়মিত কর্মস্থলে যাতায়াত করেন তিনি। নিয়মিত যাত্রী হলেও তাঁর ভাগ্যে জোটে না ট্রেনের আসন। আসনবিহীন টিকিটে গাদাগাদি যাতায়াত করতে হয় তাঁকে।

ট্রেনে সব সময় হামিদ মিয়ার হাতে থাকে একটি ব্যাগ। এ ব্যাগে থাকে ইস্তিরি করা কাপড়চোপড়। এ বিষয়ে তিনি বলেন, নরসিংদী স্টেশন থেকে সকাল সোয়া সাতটার দিকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তিতাস ট্রেনের আসন মাত্র ৪২টি। অথচ যাত্রী ওঠে গড়ে তিন শ। এতসংখ্যক যাত্রীকে একটি বা দুটি বগিতে করে আসা-যাওয়া করতে হয়। এ কারণে কাপড় ময়লা হয়ে যায়। শরীরেও দুর্গন্ধ হয়। এভাবে তো আর অফিস করা যায় না। অফিসে ঢোকার আগেই কাপড় বদলাতে হয় তাঁকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সেপ্টেম্বরে হামিদ মিয়ার মতো ৩৫ হাজার ৭৬৮ যাত্রীকে নরসিংদী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে আসনবিহীন যাতায়াত করতে হয়েছে। এর মধ্যে আন্তনগর ট্রেনের আসনবিহীন যাত্রীর সংখ্যা ছিল ২৩ হাজার ৭৬৮। বাকি আসনবিহীন যাত্রী মেইল ও বেসরকারি খাতে চলা তিতাস কমিউটার ও কর্ণফুলী ট্রেনের। বিপুল চাহিদার বিপরীতে সীমিত আসন বরাদ্দ থাকায় দিন দিন নরসিংদীর যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

স্টেশনমাস্টার কার্যালয় সূত্র জানায়, অধিক চাহিদার বিপরীতে সব গন্তব্যে আসা-যাওয়াসহ ২৪টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। এর মধ্যে আন্তনগর ট্রেন চারটি। ট্রেনগুলো হলো ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মহানগর এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জের মধ্যকার এগারসিন্ধুর এক্সপ্রেস ও কিশোরগঞ্জ এক্সপ্রেস। এগারসিন্ধুর ট্রেন চলে এক জোড়া। চারটি আন্তনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যে আসন বরাদ্দ আছে ১৮৬টি। গত মাসে আন্তনগর ট্রেনে টিকিট বিক্রির সংখ্যা ছিল ২৯ হাজার ৩৪৮।

শুক্রবার ভোরে নরসিংদী স্টেশনে অবস্থান করে দেখা যায়, ছুটির দিন হওয়ায় অন্য দিনগুলোর তুলনায় যাত্রীর চাপ কিছুটা কম। ৭টা ১২ মিনিটে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করে। ট্রেনটি ধীরে চললেও যাত্রীরাও দৌড়াতে থাকে। থামার পর কয়েক শ যাত্রীকে ঠাসাঠাসি করে ট্রেনে উঠতে দেখা যায়। একই গন্তব্যের এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের চিত্রও এমনই।

নরসিংদী স্টেশনের যাত্রী দুর্ভোগের সাক্ষী প্ল্যাটফর্মের ভেতরের দোকানিরা। অথৈ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আল মামুন বলেন, সত্যিকারের সোনার হরিণ বলতে যা বোঝায়, তা হলো নরসিংদী স্টেশন থেকে একটি আসনযুক্ত টিকিট পাওয়া।

প্ল্যাটফর্মে অবস্থান করা ভুক্তভোগী যাত্রীদের কয়েকজন দিলেন সমস্যা ও সমাধানের ইঙ্গিত। তাঁরা বলেন, নরসিংদী থেকে ঢাকা যত কাছে; তেমনি চট্টগ্রাম, সিলেট বা নোয়াখালীর দূরত্ব ততটাই বেশি। চট্টগ্রামে যাওয়ার জন্য একটি আন্তনগর ট্রেন থাকলেও সিলেট ও নোয়াখালী যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে যাত্রীদের প্রস্তাব হলো, অন্তত ঢাকা-সিলেটের মধ্যে চলা আন্তনগর জয়ন্তিকা ও নোয়াখালী যাওয়ার জন্য আন্তনগর উপকূল এক্সপ্রেসের যাত্রাবিরতি খুবই প্রয়োজন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষকে চট্টগ্রাম যেতে হয়। সে জন্য মহানগর প্রভাতী ট্রেনটির যাত্রাবিরতিও সময়ের দাবি।

সীমিত ট্রেন ও আসনের কারণে যাত্রী দুর্ভোগের কথা অজানা নয় স্টেশন কর্মরত ব্যক্তিদের। ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার এ টি এম মুছা বলেন, ঢাকাগামী সকালের আন্তনগর এগারসিন্ধুর ট্রেনটির চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন এ ট্রেনটি দিয়ে দুই শতাধিক যাত্রী ঢাকায় যাচ্ছে। অথচ ঢাকার জন্য নরসিংদী থেকে কোনো আসন রাখা হয়নি। দুর্ভোগ কমিয়ে আনতে ট্রেন ও আসন বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।