
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের মেঝেতে চাদর, পলিথিন বিছিয়ে বসে আছেন কয়েক শ হজযাত্রী। ক্লান্তিতে অনেকে স্যুটকেসে মাথা রেখে শুয়ে পড়েছেন। তাঁরা হজ এজেন্সিকে টাকা দিয়ে ভিসা ও টিকিট পাননি। তাঁদের কেউ কেউ তিন-চার দিন ধরে আছেন টিকিটের অপেক্ষায়।
এ বছরের হজযাত্রার শেষ মুহূর্তে গতকাল শুক্রবার এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ নিয়ে হজযাত্রীরা জড়ো হচ্ছিলেন আশকোনার হজ ক্যাম্পে। এজেন্সিকে টাকা দিয়ে হজে যেতে না পারার অনিশ্চয়তায় মুষড়ে পড়েছেন তাঁরা। সারা জীবনের সঞ্চয় জমা দিয়ে প্রতারিত হয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
ভিসা পাওয়া প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে গতকালও অনিশ্চয়তা কাটেনি। যাত্রীসংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের মোট ৩৩ হজ ফ্লাইট বাতিল বা পেছানোর কারণে শেষ মুহূর্তে এই সংখ্যক যাত্রীর জন্য আসন পাওয়া যাচ্ছে না। এজেন্সিগুলো সময়মতো বাড়ি ভাড়া না করায় এবং পর্যাপ্ত ভিসা থাকার পরও টিকিট না নেওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে।
গত বুধবার রাতে বগুড়ার কাহালু উপজেলা থেকে একসঙ্গে ৮২ জন হজযাত্রী হজ ক্যাম্পে এসেছেন। হজ ক্যাম্পের মেঝেতেই তাঁরা আশ্রয় নিয়েছেন। তাঁরা হজে যাওয়ার জন্য সুমাইয়া এয়ার ইন্টারন্যাশনালকে টাকা দিয়েছেন। এজেন্সি জানিয়েছিল, গতকাল রাত নয়টায় ফ্লাইট। কিন্তু পরে জানায়, তাঁদের ফ্লাইট এখনো ঠিক হয়নি।
এই ৮২ জনের একজন আবদুল আজিজ মেঝেতে শুয়ে থাকা নিজের স্ত্রীকে দেখিয়ে বলেন, ‘এভাবে কেমনে থাকে। সারা রাত ঘুমাইতে পারি নাই। এজেন্সির লোকজন মোবাইল ধরতেছে না।’ তিনি কথা বলতে বলতে কেঁদে ফেলেন। হজযাত্রী মো. শাহজাহান বলেন, ‘এজেন্সি আমাদেরকে ব্লাফ দিছে, প্রতারণা করছে। হজের মতো পবিত্র কাজে এসব মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে সুমাইয়া এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন প্রথম আলোকে ‘এই হজযাত্রীদের পে-অর্ডার গত সপ্তাহে বিমানে জমা দিয়েছিলাম। বিমান বলেছিল শুক্রবার ফ্লাইট। কিন্তু পরে জানায় ফ্লাইট দিতে পারছে না। ২৭ তারিখে বিমানের টিকিট করার চেষ্টা করছি।’
মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নূর মোহাম্মদ তাঁর ও স্ত্রীর হজে যাওয়া বাবদ ছয় লাখ টাকা দিয়েছিলেন মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশনে। গত বৃহস্পতিবার থেকে এজেন্সির মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম ফোন ধরছেন না। নূর মোহাম্মদ বলেন, ‘গত বৃহস্পতিবার পাসপোর্ট ফেরত দিয়ে বলেছে, টিকিট করতে পারে নাই। পারলে নিজেদের খরচে টিকিট করে নিতে।’
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সাইফুল ইসলামকে পাওয়া যায়নি।
গতকাল সকালে হজ পরিচালকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। তিনি বলেন, এবার হজযাত্রা নিয়ে সরকারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এজেন্সিগুলো অমার্জনীয় অপরাধ করেছে। যেসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইনের দাবি, এ বছর হজযাত্রীর সংখ্যার অনুপাতে অভিযোগের পরিমাণ বেশি নয়। এসব বিষয় দেখভালের দায়িত্ব হাবের নয়, ধর্ম মন্ত্রণালয়ের। যেসব এজেন্সি এসব গাফিলতি ও তীব্র ভোগান্তির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা না পড়ায় তাঁদের ভিসা পাওয়ার আর সুযোগ নেই। তাই এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। গতকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী। হজ ফ্লাইট সূচি অনুযায়ী, বিমানের শেষ প্রাক্-হজ ফ্লাইট আজ শনিবার। সৌদি এয়ারলাইনসের শেষ প্রাক্-হজ ফ্লাইট আগামী সোমবার। এই সময়ের মধ্যে ভিসা পাওয়া ১৭ হাজার ১৫১ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
বিমান বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এজেন্সিগুলো টাকা নিলেও টিকিট দেয়নি এমন অনেক হজযাত্রী গতকাল বিমান কার্যালয়ে এসেছেন। বেশ কয়েক জন নিজ খরচে টিকিট কেটেছেন। তিনি বলেন, ২৭ ও ২৮ আগস্ট হজ ফ্লাইট পরিচালনার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এই ফ্লাইটগুলো পাওয়া গেলে বিমানের কোনো যাত্রী সৌদি আরবে পৌঁছাতে বাকি থাকবে না।