টিকিটের কোটা বৃদ্ধির দাবিতে হবিগঞ্জে রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তনগর ট্রেনে হবিগঞ্জ জেলায় টিকিটের কোটা বৃদ্ধি ও নতুন ট্রেন চালুর দাবিতে গতকাল শায়েস্তাগঞ্জ জংশনে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী l প্রথম আলো
ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তনগর ট্রেনে হবিগঞ্জ জেলায় টিকিটের কোটা বৃদ্ধি ও নতুন ট্রেন চালুর দাবিতে গতকাল শায়েস্তাগঞ্জ জংশনে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী l প্রথম আলো

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তনগর ট্রেনে হবিগঞ্জ জেলায় টিকিটের কোটা বৃদ্ধি ও নতুন ট্রেন চালুর দাবিতে গতকাল সোমবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। জেলা প্রশাসন আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এ আন্দোলনের ডাক দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বাসিন্দারা সাধারণত শায়েস্তাগঞ্জ জংশন থেকে যাতায়াত করে থাকেন। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ছয়টি আন্তনগর ট্রেনের হবিগঞ্জ জেলার জন্য টিকিট বরাদ্দ ১৫২টি। অথচ প্রতিদিন এ জেলার ৪০০ থেকে ৫০০ মানুষ এসব ট্রেন দিয়ে যাতায়াত করে। ট্রেনে আসন না পেয়ে তাদের ভোগান্তিতে পড়তে হয়।

এ পরিপ্রেক্ষিতে গতকাল সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের এই কর্মসূচিতে শায়েস্তাগঞ্জসহ জেলা সদরের অসংখ্য মানুষ উপস্থিত হয়। সংগঠনের আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাবাজ আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সরদার, প্রভাষক জালাল উদ্দিন রুমী প্রমুখ।

এলাকাবাসী এ জেলায় ৫০০টি টিকিট বরাদ্দের দাবি জানান। পাশাপাশি সিলেট-ঢাকা রেলপথে নতুন ট্রেন চালুর দাবি করেন। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

খবর পেয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম ঘটনাস্থলে ছুটে আসেন। আগামী ১৫ দিনের মধ্যে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দেন তিনি। এরপর অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

শায়েস্তাগঞ্জ সর্বদলীয় উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাবাজ আহমদ বলেন, জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত রাখা হয়েছে। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আবারও রেলপথ অবরোধ করা হবে।