টিকিটের জন্য ছুটছেন ৪১ রুটের লঞ্চযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের যাত্রীরা টিকিটের জন্য লঞ্চে লঞ্চে ছুটছেন। কিন্তু কবে নাগাদ লঞ্চের অগ্রিম টিকিট ছাড়া হবে, কেউ তাঁদের বলছেন না।
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, নদীপথে যাত্রী নিয়ে প্রতিদিন ৪১টি রুটে শতাধিক বেসরকারি লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন আছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সদরঘাট টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, যাত্রীরা তাঁদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য অগ্রিম টিকিট বুকিং দিতে লঞ্চে লঞ্চে যাচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজন অগ্রিম টিকিট পেলেও বেশির ভাগই টিকিট না পেয়ে নিরাশ হয়ে টার্মিনাল ত্যাগ করছেন। এ ছাড়া নদীবন্দর এলাকায় নবনির্মিত টার্মিনালের নিচতলায় লঞ্চ কোম্পানিগুলোর টিকিট কাউন্টারগুলোতে কর্তৃপক্ষের কোনো কর্মচারী বা লোকজনকে পাওয়া যায়নি।
পশ্চিম রামপুরা থেকে আসা ফিরোজ খান বলেন, মাদারীপুরগামী এমভি পারাবত-১৫ লঞ্চে গেলে কেবিনবয় সোহেল মিয়া জানান, ঈদের আগে তিনটি ট্রিপ আছে। তবে কোনো কেবিন খালি নেই। মিরপুর-১২ নম্বর থেকে আসা গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, ‘২২ জুন বরিশাল যাব। প্রথম শ্রেণির কেবিনের অগ্রিম টিকিটের জন্য বেলা তিনটার দিকে টার্মিনালে এসেছি। ৮-১০টি লঞ্চে খোঁজ নিয়েছি, কিন্তু টিকিট পাইনি। কবে থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া হবে, সেটাও লঞ্চের লোকজন নির্দিষ্ট করে জানাচ্ছে না।’
গোড়ান থেকে আসা ব্যাংক কর্মচারী ইলিয়াস আলী বলেন, ‘আগামী ২৩ জুন বরগুনার আমতলী যাব। লঞ্চে অগ্রিম টিকিট পাইনি। টার্মিনালে টিকিট কাউন্টারগুলোতে খোঁজ নেব, সে উপায়ও নেই। টিকিট কাউন্টারগুলো বন্ধ।’ তিনি আরও বলেন, ‘ভাবছি, বরিশাল হয়ে আমতলী যাব। সুন্দরবন লঞ্চে গেলে কর্মচারী বেলাল হোসেন বলেন, ঈদ উপলক্ষে কেবিনের অগ্রিম টিকিট কবে থেকে ছাড়বে তা শুধু লঞ্চমালিকই বলতে পারেন। এখানে অগ্রিম টিকিট বিক্রির অনুমতি নেই।’
কেরানীগঞ্জ থেকে আসা হারুন-অর-রশিদ বলেন, ‘শুনেছি, ১২ জুন থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে। লঞ্চের কেবিনগুলোর অগ্রিম টিকিট কবে থেকে দেওয়া হবে, তা লঞ্চের লোকজন না জানলে আমরা কীভাবে জানব? টার্মিনালে টিকিট কাউন্টার থাকলেও দরজায় তালা ঝুলছে। লঞ্চের লোকজনের লুকোচুরির কারণে আমরা যাত্রীরা হয়রানির শিকার হচ্ছি। সরকারের এসব বিষয় দেখা উচিত।’
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি শাহাবুদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, ঈদে কেবিনের যাত্রী বেশি থাকে। কিন্তু সে তুলনায় লঞ্চের কেবিন কম। যাঁরা প্রতিদিন লঞ্চে যাতায়াত করেন, তাঁরা আগে থেকেই টিকিট বুকিং নিয়ে থাকেন। তবে কবে থেকে অগ্রিম টিকিট ছাড়া হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ঈদ উপলক্ষে ১১ জুন নদীপথের যাত্রীদের সেবার লক্ষ্যে টার্মিনালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। যাত্রীদের নির্বিঘ্নেœবাড়ি ফেরার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।