টিকিটের জন্য ভোর থেকে অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাড়ি ফেরা নয়। ঈদের পর ঢাকায় কর্মস্থলে ফেরার টিকিটের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার ভোররাত থেকে নারী-পুরুষেরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যান। সকাল নয়টায় টিকিট কাউন্টার খোলা হয়। অপেক্ষমাণ সবাই ৩ সেপ্টেম্বরের টিকিটের জন্য এসেছেন। এসি কোচের টিকিট না পেয়ে কিছু যাত্রী স্টেশনে হইচই জুড়ে দেন। পরে স্টেশন থেকে পুলিশ তাঁদের বের করে দেয়।সকাল আটটার দিকে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনে দীর্ঘ সারি। নারী-পুরুষের আলাদা কোনো লাইন নেই। সবাই এক সারিতে দাঁড়িয়ে আছেন। কেউ খবরের কাগজ বিছিয়ে বসেছেন; কেউ ঝিমুচ্ছেন। নগরের ডিঙ্গডোবা এলাকার মাহমুদা বেগম জানান, তিনি ভোর সোয়া চারটায় এসে এসি কোচের টিকিটের জন্য দাঁড়িয়েছেন। সকাল নয়টায় কাউন্টার খুলেছে। সামনে থেকে চারজন লোককে টিকিট দেওয়া হলো। তারপর বলা হলো, টিকিট শেষ। তাহলে বাকি টিকিট গেল কোথায়? তিনি অভিযোগ করেন, যে চারজনকে টিকিট দেওয়া হলো, তাঁরা সবাই রেলওয়ের লোক।স্টেশনের তত্ত্বাবধায়ক আলী আকবর জানান, এসি কোচের ৪০টি আসন তাঁদের কাছে আছে। এর মধ্যে মুঠোফোনে ১৫টি চলে যায়। ভিআইপিদের জন্য রাখতে হয় কিছু। এ জন্য এসি কোচের চাহিদা পূরণ করা যায় না। তিনি দাবি করেন, এখানে ট্রেনের টিকিট নিয়ে কোনো কালোবাজারি হয় না।