
টিলাভূমির প্রায় নয় একর জায়গাজুড়ে ফলবাগান। বেশির ভাগই কমলা। এটি বিশেষ ধরনের কমলা, যার নাম ‘জলঢুপ’ কমলা। প্রায় তিন একর জায়গায় ২৫০টি কমলাগাছে ধরেছে জলঢুপ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের ‘জলঢুপ’ এলাকার নামে এ কমলার চাষ করেছেন গোয়ালবাড়ীর তরুণ সাদিক হোসেন। তিন পুরুষ ধরে এ কমলার চাষ করছেন তাঁরা। সাদিকের ইচ্ছা সিলেটের একসময়কার হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ফিরিয়ে আনা।
লেবুজাতীয় ফল নিয়ে সিলেট অঞ্চলের গবেষণাপ্রতিষ্ঠান জৈন্তাপুরের সাইট্রাস গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, জলঢুপ নিজস্ব জাতের একটি কমলা। অন্যান্য কমলার সঙ্গে সবচেয়ে বড় তফাত এর চেহারায়। আকারে বড়, কিছুটা বেঢপও। রংটাও ঠিকঠাক কমলার মতো নয়। তবে খেতে গেলে বোঝা যায় সুঘ্রাণ, সুস্বাদু ও টক-রসের মৌতাত।
জলঢুপ এলাকায় লাউতা ইউপির জলঢুপ ছাড়াও পাতন, উচপাড়া, পাহাড়িয়াবহর, মুল্লাপুরসহ ১২টি গ্রামে একসময় প্রায় তিন হাজার একর জমিতে ছিল তিন শতাধিক কমলালেবুর বাগান।
গোয়ালবাড়ীতে সাদিকের দাদা হাজি রেজান আলী ‘বিয়ানীবাজার-গোয়ালবাড়ী ফলবাগান প্রকল্প’ নাম দিয়ে কমলাসহ লেবুবাগান প্রতিষ্ঠা করেছিলেন প্রায় ৫০ বছর আগে। রেজানের মৃত্যুর পর ছয় একর জায়গার ওই বাগান পরিচালনা করেন তাঁর ছেলে আবদুল করিম। তিনি মারা যাওয়ার পর সাদিক হোসেন ছয় একর জায়গার সঙ্গে আরও তিন একর জায়গা নতুন যুক্ত করে জলঢুপ কমলা চাষে মনোযোগী হন।
২০০৬ সাল থেকে প্রায় এক দশকের চেষ্টায় সাদিক তাঁর বাগানে অন্যান্য লেবুজাতীয় ফলমূলের সঙ্গে জলঢুপ কমলার ফলন পেতে শুরু করেন। এবার তাঁর বাগানে নতুন-পুরোনো মিলিয়ে ১৫০টি গাছে ধরেছে জলঢুপ কমলা। সাদিক বলেন, পারিবারিক ঐতিহ্য তাঁদের লেবুবাগান আর তাতে ঐতিহ্যবাহী জলঢুপ কমলা টিকিয়ে রাখার চেষ্টায় আছেন তিনি। এগুলো ইতিমধ্যে ‘বাগানদরে’ (গাছে রেখেই) বিক্রি করেছেন। কমলা ছাড়াও বাগানে আছে জারা ও আদালেবু।
সাদিক বললেন, এবার শুধু কমলা থেকেই ৭০ থেকে ৮০ হাজার টাকা বাড়তি আয় হয়েছে। গত ৩০ অক্টোবর তাঁর বাগান থেকে ফেরার পথে দেখা গেছে, বিয়ানীবাজারের লাউতা এলাকার বিভিন্ন হাটে জলঢুপ কমলা বিক্রি হচ্ছে। দাম হালিপ্রতি ১২০ থেকে ১৬০ টাকা।
জৈন্তাপুরে সাইট্রাস গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, জলঢুপ কমলা সিলেট অঞ্চলের নিজস্ব একটি ফল। অন্য জাতের কমলার সঙ্গে এর চেহারা আর স্বাদে তফাত আছে। ষাটের দশকে সিলেট অঞ্চলের কমলাবাগানে বড় আকারের মড়ক দেখা দেয়। মড়কে অধিকাংশ কমলাবাগান নষ্ট হয়ে যায়। এই ক্ষতি পোষাতে না পেরে অনেক চাষি কমলা চাষে উৎসাহ হারিয়ে ফেলেন। সিলেটের বিখ্যাত জলঢুপ কমলার যুগ তখন থেকেই ফুরিয়ে যেতে শুরু করে। তবে বিয়ানীবাজারে ব্যক্তি উদ্যোগে এখনো টিকিয়ে রাখা হয়েছে এই কমলা। মৌলভীবাজারের জুড়িতেও কিছু জলঢুপ কমলার চাষ হচ্ছে।