টিকে গেলেন ছয় 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন না পাওয়া ১০ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব পৌরসভায় আওয়ামী লীগের চারজন ও বিএনপির দুজন ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়েছে।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইলে আওয়ামী লীগের সবচেয়ে বেশি তিনজন বিদ্রোহী প্রার্থী হন গোপালপুরে। এখানে দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উপজেলা যুবলীগের
আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন ও উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মনোনয়নপত্র জমা দেন। এনামুল হকের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় গত শনিবার তা বাতিল করা হয়। ওই দিন সন্ধ্যায় এনামুল হক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ভূঞাপুরে আওয়ামী লীগ বর্তমান মেয়র মাসুদুল হককে মনোনয়ন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়রের ভাতিজা তরিকুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে তথ্যে ত্রুটি থাকায় তরিকুলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌরসভার সাবেক মেয়র আবদুল খালেক মণ্ডল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তথ্যে ত্রুটি থাকার কারণে তাঁর প্রার্থিতাও বাতিল হয়েছে।
কালিহাতীতে আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আনছার আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের উপজেলা শাখার সাবেক সদস্য হুমায়ুন খালিদ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সখীপুরে আওয়ামী লীগের বর্তমান মেয়র আবু হানিফ আজাদকে মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় সাংসদের আত্মীয় জাহাঙ্গীর হোসেন তালুকদার বিদ্রোহী প্রার্থী হন। কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির বিজ্ঞানবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন। দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক মেয়র সানোয়ার হোসেন।
টাঙ্গাইল পৌরসভায় বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জেলা শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুল হক। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের জেলা শাখার অপর যুগ্ম সম্পাদক জাফর আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘যাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে আশা করছি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। আশা করি, তাঁরা দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’