টিকে থাকতে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতি সংলাপে আলোচকেরা বিশ্ববাজারে টিকে থাকার জন্য শ্রমিকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তাঁরা আরও বলেছেন, সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ, সুশাসন এবং শ্রমিক অধিকার রক্ষায় বিভিন্ন আইন ও নীতি বাস্তবায়ন করতে হবে।
গতকাল সোমবার গণসাক্ষরতা অভিযান এবং বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নীতি সংলাপে এসব কথা বলা হয়।
বিশ্বব্যাংকের ‘দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৩: জবস’ প্রতিবেদনের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিনিধিসহ অংশীদারদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
প্রতিবেদনটি বলছে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শ্রমের উৎপাদনশীলতা বাড়ে। মানুষ আয়বৃদ্ধিমূলক কাজে বেশি অংশগ্রহণের সুযোগ পেলে কর্মজীবী নারীর ক্ষমতায়ন হয়। এ ধরনের নারীর সন্তানদের জীবনমান উন্নত হয়। দারিদ্র্যও কমে।
সংলাপের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন, পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।