একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টিকে থাকার লড়াইয়ে আছেন ময়মনসিংহ-৩ ও ৭ আসনের বিএনপির দুই নেতা। তাঁরা গত সোমবার নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া এই দুজনের আপিলের নিষ্পত্তি আগামীকাল বৃহস্পতিবার হতে পারে।
আপিল করা প্রার্থীরা হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আহম্মেদ তায়েবুর রহমান ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জয়নাল আবেদিন। তায়েবুর গৌরীপুর উপজেলা পরিষদের ও জয়নাল ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাঁরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই দুজন ছাড়াও আরও একাধিক প্রার্থী ইসিতে আপিল করেছেন বলে জানা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে বিএনপি ২৬ জন প্রার্থীকে মনোনয়ন দেয়। এর মধ্যে উপজেলা পরিষদের তিনজন চেয়ারম্যানও ছিলেন। মনোনয়ন পাওয়ার পর তায়েবুর রহমান ও জয়নাল আবেদিন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তবে মনোনয়ন পাওয়া ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল বাসার আকন্দ পদত্যাগ করেননি। গত রোববার মনোনয়ন যাচাই–বাছাইয়ে তাঁদের তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়। তায়েবুর রহমান ও জয়নাল আবেদিন আপিল করলেও আবুল বাসার আকন্দ আপিল করেননি বলে জানা যায়।
ত্রিশাল উপজেলার সদ্য পদত্যাগী চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পাওয়ার পর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আশা করি আপিলে আমার প্রার্থিতা ফেরত পাব।’
আহম্মেদ তায়েবুর রহমানের একাধিক কর্মী ও সমর্থক জানান, গত সোমবার তায়েবুর রহমান ইসিতে আপিল করেন। বৃহস্পতিবার আপিলের নিষ্পত্তি হতে পারে।