টিটিই নিজেই পড়ে যান
ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থেকে টিটিই (টিকিট পরীক্ষক) নজরুল ইসলাম নিজেই পড়ে গিয়েছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ফেলে দেয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার চেতনা ফিরে পাওয়ার পর তিনি পড়ে যাওয়ার ঘটনা বর্ণনা করেন। ঘটনার পর প্রায় আট ঘণ্টা তিনি অচেতন ছিলেন। নজরুল ইসলামের বরাত দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, বাগাতিপাড়ার লোকমানপুর স্টেশনে চা খেতে গেলে ট্রেন ছেড়ে দেয়। এ সময় তিনি দৌড়ে ট্রেনের পেছনের একটি বগিতে ওঠার চেষ্টা করেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি ভেতরে ঢুকতে পারেননি। হাতল ধরে ঝুলে থাকার একপর্যায়ে তিনি পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন।
গত শুক্রবার রাত ১০টার দিকে নজরুল ইসলামকে অচেতন অবস্থায় রাজশাহীতে নিয়ে আসা হলে রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘ট্রেন থেকে টিটিইকে ফেলে দিল দুর্বৃত্তরা, গুরুতর আহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।