টিটেফোলা রোগে দুই শতাধিক গরুর মৃত্যু
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় টিটেফোলা রোগে আক্রান্ত হয়ে গত দেড় মাসে দুই শতাধিক গরুর মৃত্যু হয়েছে। উন্নত জাতের গরুর বাছুর এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। এভাবে গরু মৃত্যুর ঘটনায় খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা এটিকে অপুষ্টিজনিত রোগ বলে জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, বেড়া ও সাঁথিয়া উপজেলা দেশের অন্যতম গরু পালনকারী এলাকা। খামারিরা জানান, সাধারণত শীত মৌসুমে সীমিত আকারে কখনো কখনো এই রোগটি দেখা দেয়। এই রোগ হলে গরুর চোয়ালের নিচে পানি জমে ফুলে ওঠে। গরুর পাতলা পায়খানা হয় ও গায়ের লোম খাড়া হয়ে যায়। গরু খাদ্য হজম করতে পারে না। একপর্যায়ে গরু মারা যায়। খামারিরা জানান, অক্টোবরের মাঝামাঝি থেকে হঠার্যা করেই এ রোগের ব্যাপকতা বেড়ে গেছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হয়ে কোথাও না কোথাও গরু মারা যাচ্ছে। গত দেড় মাসে দুই উপজেলায় এ রোগে দুই শতাধিক গরু মারা গেছে। বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের খামারি টি আলম জানান, ১৫ দিন আগে তাঁর দেড় বছর বয়সী একটি গরু এই রোগে মারা গেছে। এ ছাড়া গত এক মাসে তাঁর গ্রামের আজিজলের দুটি, মোবাররেকের তিনটি, দয়ালের তিনটি, মইজ্যালের একটি, রাজ্জাকের একটি, হালিমের একটিসহ অন্তত ১৫টি গরু মারা গেছে। চরসাঁড়াশিয়া গ্রামের সুফিয়া খাতুন জানান, ১০-১২ দিন আগে তাঁদের খামারের দুটি বাছুর মারা গেছে। এ ছাড়া তাঁর ভাসুর মাহে আলমের তিনটি বাছুর ও দেবর জাহাঙ্গীরের দুটি দুধেল গাভি মারা গেছে। বেড়া ও সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা ও চিকির্যাসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দিকে পুষ্টিহীনতা, আরেক দিকে নিয়মমতো কৃমির ওষুধ না খাওয়ানোয় এই রোগের আক্রমণ বেশি ঘটছে। নিয়মানুযায়ী প্রতি ১০ কেজি ওজনের বাছুরের জন্য এক লিটার দুধের প্রয়োজন। কিন্তু খামারিরা বাছুরদের সেই পরিমাণ দুধ খাওয়ার সুযোগ না দিয়ে দোহন করে নিচ্ছেন। এতে বাছুরের পুষ্টিহীনতা দেখা দিচ্ছে। আবার বয়স্ক গরুকেও প্রয়োজনীয় খাবার না দেওয়ায় তার মধ্যেও একই রকম পুষ্টিহীনতা দেখা দিচ্ছে। এ ছাড়া গর্ভবতী গাভিকে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোয় বাছুর কৃমি নিয়ে জন্ম নিচ্ছে। বাছুর জন্ম নেওয়ার এক মাসের মধ্যে তাকেও কৃমির ওষুধ না খাওয়ানোয় পুষ্টিহীন দেহে কৃমির আক্রমণে তার লিভার ক্ষতিগ্রস্ত হয়ে টিটেফোলায় আক্রান্ত হচ্ছে। বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, খামারিরা সচেতন হলেই এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ ব্যাপারে খামারিদের মাঠ পর্যায়ে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও আক্রান্ত গরুগুলোকে প্রয়োজনীয় চিকির্যাসা দেওয়া হচ্ছে। এ রোগে কত গরু মারা গেছে তার পরিসংখ্যান তাদের কাছে নেই। সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রতিদিনই পাঁচ-সাতটি গরু এ রোগে আক্রান্ত হয়ে চিকির্যাসা নিতে আসছে। ইতিমধ্যে কিছু গরু মারা গেছে বলে তাঁরা শুনেছেন।