টিটোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা’ ডেকে ঘনিষ্ঠ হওয়ার পর বাসায় নিয়ে ধর্ষণ করার অভিযোগে এনামুল হক ওরফে টিটোর জামিন আবেদন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক সাইদুর রহমান এ রায় দেন।

আদালত চলাকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ও আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

বাদীপক্ষের মামলা পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ওই সংস্থার খুলনার সমন্বয়কারী অশোক কুমার সাহা বলেন, ‘মেয়েটিকে আইনি সহায়তা পেতে ব্লাস্টের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আজ আদালতে মামলা শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে বিচারক আমাদের আবেদন শুনে আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিচারক মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন। এখন থেকে ওই আদালতেই মামলাটি পরিচালিত হবে।’

ধর্ষণের অভিযোগে গত ১৫ মার্চ এনামুলের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। পুলিশ ওই দিনই এনামুলকে গ্রেপ্তারও করে। ১৩ এপ্রিল তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২১ এপ্রিল জামিন পান এনামুল।

অভিযোগপত্রে বলা হয়, গত ১৬ জানুয়ারি পরিচয়ের পর ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে সুকৌশলে কলেজছাত্রীকে সোনাডাঙ্গার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। আইনগত বিষয়ে জ্ঞান থাকার কারণে আসামি ঘটনাটি ধামাচাপা দিতে ছাত্রীকে বিয়ের প্রস্তাব, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখান এবং ওই মুহূর্তে তাঁর নামে মামলা না করে সে জন্য সময়ক্ষেপণ করেন। ওই সময়ে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হলে পজিটিভ প্রতিবেদন আসত।
তদন্তকালে এনামুল হক ওরফে টিটোর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।