
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খান এবারের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের মোট সম্পদের মূল্য এক কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৭৭৫ টাকা বলে উল্লেখ করেছেন। তবে এলাকাবাসীর দাবি, তাঁর মালিকানাধীন চারতলা ভবনের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।
২০০৮ সালে মজিদ খান হলফনামায় নিজের নামে জেলা সদরে দুই লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ছয় শতক জমি ও দেড় লাখ টাকা মূল্যের টিনের আধা পাকা ঘর থাকার কথা উল্লেখ করেন। সাংসদ হওয়ার পর ওই জায়গায় ছয়তলা ভিত্তির ওপর চারতলা (লিফটসহ) ভবন নির্মাণ করেন তিনি। হলফনামায় এই ভবনের মূল্য এক কোটি নয় লাখ ৪৬ হাজার ৭১০ টাকা উল্লেখ করেছেন।
তবে প্রকৌশলীদের হিসাব অনুযায়ী, সাংসদের ওই ভবনের মূল্য সাড়ে তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিন হাজার বর্গফুটের চারতলায় মোট আয়তন দাঁড়ায় ১২ হাজার বর্গফুট। হবিগঞ্জের বাজারদর অনুযায়ী প্রতি বর্গফুট ন্যূনতম তিন হাজার টাকা হিসেবে এই ভবনের মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
মজিদ খানের ২০০৮ সালের হলফনামায় উল্লিখিত জমির পাশাপাশি তাঁর পৈতৃক সূত্রে পাওয়া চার একর জমির উল্লেখ ছিল, যার মূল্য ধরা হয় এক লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া আর কোনো স্থাবর সম্পদের উল্লেখ ছিল না তখন। এবারের হলফনামায় তিনি শহরের উল্লিখিত বাড়ি ছাড়া আরও তিন একর অকৃষিজমি দেখান। এর মূল্য দেখান ৩০ হাজার টাকা। এ ছাড়া শহরের ৫০ শতাংশ জমির মূল্য এক লাখ ৮৬ হাজার ৭৭৫ টাকা এবং সাড়ে ৮৩ শতাংশ জমির মূল্য ১৮ হাজার ৫৫৬ টাকা বলে উল্লেখ করেন।
এলাকাবাসীর দাবি, মজিদ খান সাংসদ হয়ে চুনারুঘাট উপজেলায় দুটি ইটভাটা এবং ঢাকার পূর্বাচলে আট কাঠার সরকারি প্লটের মালিক হন। এ ছাড়া তাঁর রয়েছে ফ্ল্যাট ও রিয়েল এস্টেট ব্যবসার অংশীদারি।
এ বিষয়ে মজিদ খান বলেন, তিনি সম্পদ থেকেই সম্পদ বাড়িয়েছেন। তাঁর শহরের ২০ শতক জমি বিক্রি করে পান ৬৫ লাখ টাকা। স্ত্রী শিক্ষকতা পেশা থেকে অবসর নিলে সেখান থেকে পান আরও ২০ লাখ টাকা। এ ছাড়া সাংসদ হিসেবে তাঁর মাসিক সম্মানী, পেশা ও বাসা ভাড়ার আয় বাড়ায় তাঁর ব্যক্তিগত বার্ষিক আয়ও বেড়েছে।