বরগুনার আমতলী উপজেলার গাজীপুর উপস্বাস্থ্যকেন্দ্রের টিনের ঘরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী শাহিন মাহমুদ আক্ষেপ করে বলেন, ‘টিনের চালায় অসংখ্য ছিদ্র। কক্ষে ঢুকে ওপরে তাকালেই সূর্যের আলো চোখে পড়ে। পুরো বর্ষাকাল আমি ভিজে চিকিৎসা দিয়েছি, রোগীরাও ভিজেছেন। কাগজ ও ওষুধপত্রও ভিজেছে।’জানা গেছে, গাজীপুর বন্দরে ১৯৯৫ সালে একটি টিনের ঘরে গাজীপুর উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালু হয়। ঘরটি সংস্কার না করায় এখন সেটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, চিকিৎসা সহকারী শাহিন মাহমুদ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়ে ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ঘরে চিকিৎসা দিচ্ছেন। ঘরের বারান্দার একাংশ খসে পড়েছে। খুঁটিগুলো ক্ষয়ে গেছে। চিকিৎসা সহকারী শাহিন মাহমুদ বলেন, ‘এখানে প্রতি মাসে এক হাজার থেকে এক হাহার ৩০০ রোগী চিকিৎসা নেন। এ ঘরে টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রম চালানো হচ্ছে। রোগীদের বসার জায়গা পর্যন্ত দিতে পারছি না।’উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইসমত আরা কলি বলেন, ‘উপস্বাস্থ্যকেন্দ্রে একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক থাকলেও অবকাঠামোর অভাবে গাজীপুর স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা সহকারী দেওয়া হয়েছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মদন জি পাল বলেন, ‘উপস্বাস্থ্যকেন্দ্রের ভগ্নদশা সম্পর্কে আমরা অবগত। কিন্তু নিজস্ব জায়গা ও ভবনের অভাবে আমরা সেখানে কিছু করতে পারছি না। যে জায়গা ও ভবনে কেন্দ্রের কার্যক্রম চলছে, তা সমাজসেবা বিভাগের। আমরা ধার করা ঘরে কাজ করছি।’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুর হাসান বলেন, ‘ঘর মেরামত বা সংস্কারের জন্য কোনো বরাদ্দ আপাতত নেই। আমি ঘরটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাব।’