টিনের ঘেরাটোপে বন্দী আহসান মঞ্জিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনের বেড়ার কারণে দৃষ্টির আড়ালে চলে গেছে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সৌন্দর্য l ছবি: সাজিদ হোসেন
টিনের বেড়ার কারণে দৃষ্টির আড়ালে চলে গেছে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সৌন্দর্য l ছবি: সাজিদ হোসেন

ভেতরের সবুজ পরিবেশ ও গোলাপি রঙের ভবন এখন টিনের ঘোরাটোপে বন্দী। বাইরে থেকে শুধু ভবনের চূড়া দেখা যায়। পুরান ঢাকার ইসলামপুরের নবাববাড়ি আহসান মঞ্জিলটি এখন টিনের দেয়াল দিয়ে ঢাকা। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, টিনের বেড়ার কারণে ঐতিহ্যবাহী এই স্থাপনার সৌন্দর্য দৃষ্টির আড়ালে চলে গেছে।
আহসান মঞ্জিলের চারপাশে লোহার গ্রিল দিয়ে সীমানা সুরক্ষিত ছিল। ফলে বাইরে থেকেও নবাববাড়ির সৌন্দর্য উপভোগ করা যেত। গতকাল সোমবার গিয়ে দেখা যায়, গ্রিলের বাইরে টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে বাইরে থেকে ভবনের চূড়ার গম্বুজটি ছাড়া কিছু দেখা যায় না। আহসান মঞ্জিলের নিরাপত্তারক্ষী মো. হেলাল বলেন, ‘অনেক দিন থেকেই তো এমন। খুইলা দিব কি না, জানি না।’
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী শ্রাবন্তী হক বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, ‘এমনভাবে বেড়া দিয়ে রাখছে, বাইরে থেকে দেখলে মনে হয় ভেতরে কোনো ভাঙচুরের কাজ চলে। বাজে লাগে দেখতে।’
টিনের বেড়া প্রসঙ্গে আহসান মঞ্জিলের প্রদর্শনী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, গত ফেব্রুয়ারি মাসে সংস্কৃতি মন্ত্রণালয় মঞ্জিলের ভেতরে ‘মসলিন সন্ধ্যা’ নামে একটি অনুষ্ঠান করে। তখন নিরাপত্তার কথা বিবেচনা করে চারদিকে টিনের ঘেরাও দেওয়া হয়। সেই টিন এখনো আছে। এত দিনেও না সরানো নিয়ে বলেন, ‘এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে। সার্বিক দিক চিন্তা করে এখনো খোলা হয়নি।’ মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল, তাঁরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন। যে সিদ্ধান্ত আসবে সেটাই করবেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আবু সালেহ এভাবে টিনের বেড়া দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে বললেন, ‘নবাববাড়ির সৌন্দর্য টিনের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। আগ্রহী দর্শকরা তো টিকিট কেটে ভেতরে গিয়ে নবাববাড়ির নিদর্শনগুলো দেখবেই। কিন্তু আমরাও তো গর্ব করি মঞ্জিল নিয়ে। এখন আমাদের চোখ থেকেই আড়াল করে দিল।’ স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বেড়া দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।