টিনের ছাউনি পাশে কাপড় টানিয়ে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার তালোড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বাঁশঝাড়, বাড়ির উঠান ও ভিটায় টিনের ছাউনির চারপাশে ডেকোরেটরের কাপড় টানিয়ে তিনটি কেন্দ্র তৈরি করে ভোট নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে ১, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে সরকারি বা বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে মানুষের ভিটা ও বাড়ির উঠানে ডেকোরেটরের কাপড় টাঙিয়ে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশনের বিধান, ওয়ার্ডের মধ্যেই কেন্দ্র তৈরি করে ভোট নিতে হবে।
সরেজমিনে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে খানপুর গ্রামের এক বাড়ির উঠানে, ৫ নম্বর ওয়ার্ডে দেবখণ্ড গ্রামের এক বাড়ির ভিটায় ও ৭ নম্বর ওয়ার্ডে বাঁশঝাড়ে টিনের ছাউনি ও কাপড় টানিয়ে তৈরি বুথে ভোট নেওয়া হচ্ছে।
৫ নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসা কলেজছাত্রী নুরুন্নাহার বলেন, ‘জীবনে প্রথম ভোট দেব, আনন্দে ছিলাম। কিন্তু খোলা জায়গায় চৈত্রের প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমাদের কষ্টের কথা কাগজে লিখে একটা স্থায়ী কেন্দ্রের ব্যবস্থা করেন।’
৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী বলেন, ‘সারা রাত মশার কামড়ে খুব কষ্ট হয়েছে। একটু ঘুমাতে পারিনি। তারপরও এলাকার লোকজন ভালো। চর এলাকা হলে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেত। এভাবে নিরাপত্তাহীনতায় ভোট নেওয়া যায় না।’ তিনি আরও বলেন, খোলা জায়গায় কোনো ছায়া নেই। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দু-তিন জন ভোটার অসুস্থ হয়ে ভোট দিতে পারেননি।