গঙ্গাপুর আলম বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
টিনের ছাপরার নিচে পাঠদান ভোগান্তিতে শিক্ষার্থীরা

সুপারিগাছের কয়েকটি খুঁটির সঙ্গে দুটি বাঁশ বেঁধে তার ওপর টিনের ছাপরা। তারই নিচে চলছে পাঠদান। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গঙ্গাপুর আলম বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১৫ মাস ধরে এভাবেই ভোগান্তি পোহাচ্ছে।
শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয় ভবনের অবস্থা ভালো থাকলেও উপজেলা প্রকৌশল কার্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। পরে নিলাম কমিটি গোপনে নিলাম ডেকে সেটি ভেঙে ফেলে।
সরেজমিনে গত বুধবার দেখা যায়, টিনের ছাপরার নিচে ঠাসাঠাসি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। ঠান্ডা বাতাসে ও পাশের সড়ক দিয়ে যানবাহন চলায় শব্দ আর ধুলাবালুতে পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়া গঙ্গাপুর আলম বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৮ সালে তেঁতুলিয়া নদীতে ভেঙে যায়। পরে বিদ্যালয়টি পক্ষিয়ায় স্থানান্তর করা হয়। ১৯৯২ সালে চার কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২২০ জন।
বিদ্যালয়ের শিক্ষক নেয়ামুল করিম বলেন, ‘পুরোনো ভবনটি ভেঙে দেওয়ার পর কয়েক মাস গাছতলায় পাঠদান করেছি। পরে শিক্ষকদের বেতনের ২০ হাজার টাকায় টিনের ছাপরা বানিয়ে পাঠদান করা হচ্ছে।’
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইমন, রিয়াদ, কনিকা, মাইনুল ও চতুর্থ শ্রেণির ঐশী, ছাইয়েদা, রিয়াজ জানায়, ঝড়, রোদ-বৃষ্টি, কুয়াশা আর ধুলাবালুর মধ্যে তাদের ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম অভিযোগ করেন, ভবনটিতে সুন্দরভাবে পাঠদান চলছিল। ২০১৩ সালে উপজেলা প্রকৌশল কার্যালয় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নিলাম ডাকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা জোর প্রতিবাদ জানান। পরে গোপনে নিলাম কমিটি সাড়ে চার লাখ টাকার ভবনটিকে মাত্র ৩২ হাজার টাকায় বিক্রি করে। ওই বছরের ডিসেম্বরে এটি ভাঙার কার্যাদেশ দেওয়া হয়। অথচ ভবনের কোথাও পলেস্তারা খসে পড়েনি বলে দাবি করেন তিনি।
একই অভিযোগ তুলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল আমিন মিয়া বলেন, সরকারের উচিত বিদ্যালয়ের জন্য নতুন ভবন বরাদ্দ দেওয়া। না হলে বিদ্যালয় বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।
সদ্য যোগদানকারী উপজেলা প্রকৌশলী আসিফ রেজা বলেন, সাধারণত ভবনের অবস্থা দেখেই সেটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এ ধরনের অভিযোগ তাঁর জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, সমস্যা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউএনও ও নিলাম কমিটির প্রধান মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, ‘ঘটনাটি আগের। তখন আমি ছিলাম না। তবে ছাত্রছাত্রীদের ভোগান্তি দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’