টিপন আরও চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া কাজী মাসুদুর রহমান ওরফে টিপনকে এবার চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।টিপনের আট দিনের রিমান্ড গতকাল মঙ্গলবার শেষ হলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গতকাল সকালে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম টিপনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় টিপনের কাছ থেকে পাওয়া তথ্য নিয়েও বিভ্রান্তিতে আছে প্রশাসন। এ জন্য তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে গ্রেপ্তার হওয়া মাহফুজ ওরফে তাওয়াব ওরফে সবুজের (৩০) কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়েছে পুলিশ। পুলিশ বলছে, মাহফুজ জিজ্ঞাসাবাদে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। এতে তাঁর দেওয়া কোন তথ্যটি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তা যাচাই করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। মাহফুজ গত রোববার নরসিংদীর মাধবদীর মনোহরপুর থেকে গ্রেপ্তার হন। একই দিন গ্রেপ্তার করা হয় সদর উপজেলার ঘোড়াদিয়ার শাহিনকে (২১)। তাঁরা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত। হত্যা মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি আশরাফ হোসেন সরকারের দেওয়া তথ্যমতে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করেছিল। বিশেষ করে, মাহফুজকে গ্রেপ্তারের পর পুলিশ খুনের রহস্য উদ্ঘাটনে আশাবাদী হয়ে ওঠে। পুলিশের ভাষ্যমতে, মাহফুজ লোকমান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর পুলিশ তাঁর দেওয়া তথ্যকে গুরুত্ব দিতে শুরু করে। লোকমান হত্যার ঘটনায় এখন পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আশরাফ হোসেন সরকার ছাড়া অন্যরা এজাহারভুক্ত আসামি নন। শহর যুবলীগের সভাপতি আশরাফ লোকমান হত্যা মামলার ২ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিন সরকারের ছোট ভাই। নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল সাংবাদিকদের বলেন, একাধিক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের প্রতিটি তথ্য যাচাই করে দেখা হচ্ছে। সবার জিজ্ঞাসাবাদ শেষ হলে আসল সত্যটি বের করে আনা সহজ হবে। ১ নভেম্বর রাত আটটার দিকে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।