টিপাইমুখ অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি আজ শনিবার টিপাইমুখ অভিমুখে লংমার্চ শুরু করছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে অভিন্ন বরাক নদের টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের পদক্ষেপের প্রতিবাদে জাতীয় পার্টি ওই কর্মসূচি শুরু করছে। রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল সাতটায় লংমার্চ শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলীয় সূত্রে জানা গেছে, লংমার্চের পর বেলা তিনটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভা অনুষ্ঠিত হবে। এতে এরশাদসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। কাল রোববার সিলেট শহর থেকে জকিগঞ্জ উপজেলার উদ্দেশে লংমার্চটি যাত্রা শুরু করবে। সেখানে আরও একটি সমাবেশ হবে। সমাবেশে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধে জাতীয় পার্টি তার দাবির কথা জানাবে। ইউএনবি।