জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের কথার মধ্যে কোনো মিল নেই। এভাবে সরকার চলতে পারে না। টিপাইমুখ বাঁধ ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে।’ গতকাল রোববার সিলেটে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাসানুল হক এ কথা বলেন।নগরের কোর্ট পয়েন্টে বিকেল থেকে রাত পর্যন্ত চলা সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য। হাসানুল হক ইনু ছাড়াও সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মো. আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম প্রমুখ।বক্তৃতায় হাসানুল হক ইনু টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সমালোচনা করে বলেন, ‘ভারত সরকারের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা গওহর রিজভীকে নিয়োগ দেওয়া হয়নি। এ ধরনের উপদেষ্টাকে সরকারে রাখা উচিত নয়।’বিভাগীয় সমাবেশ শেষে প্রতিরোধ আন্দোলনের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ২০ জানুয়ারি সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকা জেলাগুলোর অংশগ্রহণে আঞ্চলিক প্রতিনিধি সভা ও আগামী ১৩ ফেব্রুয়ারি সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকা জেলা ও উপজেলার প্রশাসনিক কার্যালয়ের সামনে একযোগে অবস্থান গ্রহণ।