টিপাইমুখ নিয়ে প্রশ্ন নিলেন না দীপু মনি
টিপাইমুখ নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই সংবাদ সম্মেলনস্থল ছেড়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব বিপণন সম্মেলন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টিপাইমুখ প্রকল্প নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকেরা। কিন্তু তিনি একটি লিখিত বক্তব্য দিয়েই অনুষ্ঠানের মাঝপথে সম্মেলনস্থল ছেড়ে চলে যান। আগামী বছরের ১ থেকে ৩ মার্চ ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।পররাষ্ট্রমন্ত্রী তাঁর প্রস্থানের আগে বলেন, ‘আমি জানি, আপনাদের অনেক প্রশ্ন আছে। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তনের ট্রাস্ট ফান্ডের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনটায় আমার যোগ দেওয়ার কথা। আমি দেরি করে ফেলেছি।’গত রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, তিনি সোমবার টিপাইমুখ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন। অথচ ভারতের মণিপুর রাজ্যে প্রকল্পটি নিয়ে চুক্তি সইয়ের প্রতিবেদন প্রকাশের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও মুখ খোলেননি দীপু মনি।গতকালের সংবাদ সম্মেলনের মাঝপথে পররাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পর সাংবাদিকদের তোপের মুখে পড়েন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। পররাষ্ট্রসচিব বলেন, ‘আমাদের গভীর প্রত্যয় রয়েছে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা হবে। এ নিয়ে আমাদের অন্য কিছু ভাবার প্রয়োজন দেখি না।’টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশ শঙ্কামুক্ত কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে মিজারুল কায়েস ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পুরোনো আশ্বাসের বিষয়টি উল্লেখ করেন। অভিন্ন নদীতে বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া কিছু না করতে ঢাকার আহ্বানের পরও দিল্লি প্রকল্পটি নিয়ে চুক্তি সই করেছে। এ অবস্থায় বাংলাদেশ কী করে আশ্বস্ত হচ্ছে যে দেশের কোনো ক্ষতি হবে না, এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।গণমাধ্যমে প্রকাশের আগে টিপাইমুখ প্রকল্প সম্পর্কে ভারতের কাছ থেকে বাংলাদেশ তথ্য পেয়েছে কি না, জানতে চাইলে মিজারুল কায়েস তাঁর পাশে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জবাব দেন, ‘সম্ভবত আগেই জেনেছি। তবে কবে পেয়েছি, সেটা দিনক্ষণ মেলাতে হবে।’