ভারতের বনবিষয়ক উপদেষ্টা কমিটি (ফ্যাক) টিপাইমুখ প্রকল্পের ছাড়পত্র দেয়নি। ছয় সদস্যের কমিটি প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে ওই কমিটি পরিবেশ ও বন ধ্বংসকারী বড় ধরনের প্রকল্প না নিয়ে ছোট ছোট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারত সরকারকে পরামর্শ দিয়েছে। কমিটির সুপারিশে বলা হয়েছে, টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে তা ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যেও টিপাইমুখ বনভূমির ৭৮ লাখ গাছ ও ২৭ হাজার বাঁশগাছ কাটা পড়বে। এতে ওই এলাকার বিপুল বন্য প্রাণী বসবাসের জায়গা হারাবে। একই সঙ্গে টিপাইমুখ এলাকায় বসবাসকারী ১২টি গ্রামের ৫৫৭ আদিবাসী পরিবার উচ্ছেদ হবে। টিপাইমুখ এলাকায় এমন একটি আদিবাসী গোষ্ঠীর বসবাস, যেটি আর কোথাও নেই।
গত শুক্রবার কমিটির সিদ্ধান্তের অনুলিপি ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত কমিটির সভায় ছয়টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন টিপাইমুখ প্রকল্প ও তিন হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দিবাং প্রকল্প অনুমোদন করেনি কমিটি। এই দুটি প্রকল্পই ভারতের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে চিহ্নিত ছিল।
টিপাইমুখ প্রকল্প অনুমোদন না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে উপদেষ্টা কমিটির সভায় বলা হয়, ভারতের বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করতে গিয়ে কমবেশি গাছ কাটা হয়ে থাকে। কিন্তু একটি প্রকল্পের জন্য গড়ে যে পরিমাণে গাছ কাটা হয়, টিপাইমুখের জন্য তার চেয়ে ১০০ গুণ বেশি গাছ কাটা পড়বে।
ভারতের বনবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক এন পি টোডারিয়া, বন বিভাগের অতিরিক্ত কমিশনার শ্রীরমন কান্তি মিশ্র, এম এস নেগি, এ কে শ্রীবাস্তবা ও জুডা সেকার।
জানতে চাইলে ভারতের বনবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টিপাইমুখ প্রকল্পের ফলে যে ৭৮ লাখ গাছ কাটা যাবে, তা টিপাইমুখ এলাকার মোট বনভূমির এক-পঞ্চমাংশ। এত বিশাল বনভূমি ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে তা অর্থনৈতিক ও পরিবেশগত কোনোভাবেই যৌক্তিক হবে না।
নদী বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, ‘ভারতের বনবিষয়ক কমিটি টিপাইমুখ প্রকল্প অনুমোদন না করায় আমাদের বেশি খুশি হওয়ার কিছু নেই। কেননা, তারা যে বনবিষয়ক কমিটির কাছে তা অনুমোদনের জন্য পাঠিয়েছে, তা তো বাংলাদেশকে জানায়নি।’
এর আগে ২০০৮ সালের মে মাসে ভারতের পরিবেশ বিভাগ থেকে টিপাইমুখ প্রকল্পকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়। পরিবেশ-সংক্রান্ত উপদেষ্টা কমিটি হেলিকপ্টারযোগে টিপাইমুখ এলাকা পরিদর্শন করে পরিবেশ ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে।
বাংলাদেশের পক্ষ থেকে টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে ভারত সরকারের কাছে তথ্য চাওয়া হয়। দুই দেশের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, টিপাইমুখে এমন কিছু করা হবে না, যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।
টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনে একাধিকবার আলোচনাও হয়েছে। সেখানে ভারতের পক্ষ থেকে টিপাইমুখ প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও নথি বাংলাদেশকে দেওয়া হয়েছে বলে যৌথ নদী কমিশন সূত্রে জানা গেছে।
এ ছাড়া টিপাইমুখ প্রকল্প নির্মিত হলে বাংলাদেশের ওপর তার কী ধরনের প্রভাব পড়বে, তা পর্যালোচনা করে দেখার জন্য সরকার পানি উন্নয়ন বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে (আইডব্লিইউএম) দায়িত্ব দিয়েছে। এই দুই গবেষণা সংস্থা টিপাইমুখ বিষয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করলেও আগামী বছরের জুনের আগে তা শেষ হচ্ছে না।
২০১০ সালের ২৮ এপ্রিল মণিপুর রাজ্য সরকারের সঙ্গে হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি), সুটলেজ বিদ্যুৎ নিঘম লি. (এসজেভিএনএল) এই জলবিদ্যুৎ প্রকল্পটি স্থাপনের ব্যাপারে চুক্তি করে। পরে ২০১১ সালের ২২ অক্টোবর চুক্তিটি নবায়ন হয়।
ভারতের পরিবেশ বিভাগের ছাড়পত্র পাওয়ার পর থেকে এই প্রকল্পকে দুই দেশের পরিবেশবাদীরা পরিবেশ ও প্রতিবেশ বিধ্বংসী হিসেবে চিহ্নিত করে আন্দোলন করে আসছিলেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ও সংলগ্ন হাওড় এলাকার ওপর এর বিরূপ প্রভাব পড়বে। বিদ্যুৎকেন্দ্রের জন্য যে জলাধার নির্মাণ করা হবে, তার ফলে বাংলাদেশের পূর্বাঞ্চল বর্ষা মৌসুমে পানি কম পাবে। আর বর্ষা মৌসুমে জলাধার থেকে পানি ছেড়ে দিলে উজানের এলাকা বাংলাদেশে বন্যার ভয়াবহ রূপ নেবে।