টিপাইমুখ প্রকল্প নিয়ে যৌথ সমীক্ষার প্রক্রিয়া চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, অচিরেই টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষা শুরু করার প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রী আরও জানান, টিপাইমুখ প্রকল্প বাংলাদেশের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনার লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত যৌথ সমীক্ষার বিষয়ে সম্মত হয়েছে। এরই মধ্যে যৌথ সমীক্ষা দলের বাংলাদেশ পক্ষ গঠন করে ভারত সরকারকে জানানো হয়েছে।বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।শেখ হাসিনা জানান, ‘বাংলাদেশ পানি আইন, ২০১২’-এর খসড়া চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ খসড়া পানি আইন নীতিগতভাবে অনুমোদন করেছে। তিস্তার পানি বণ্টন সম্পর্কে তিনি জানান, ক্ষমতা গ্রহণের পর সরকার তিস্তার পানি বণ্টনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) গড়ে ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। জাতীয় আয় বেড়ে হয়েছে ৮৪৮ মার্কিন ডলার। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে কমে বর্তমানে ৩১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তিন বছরে রেমিট্যান্স (প্রবাসী-আয়) প্রবাহ বেড়েছে গড়ে ৯ দশমিক ৮ শতাংশ। বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত সময়ে দারিদ্র্য হ্রাস পেলেও আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সব জনগোষ্ঠীকে উন্নত জীবনযাপনের সমান সুযোগ দেওয়ার জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।