টিপাইমুখ প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন অমর সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টিপাইমুখ নিয়ে প্রথম আলোয় প্রকাশিত বিশেষ সরেজমিন প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন পত্রিকার কলকাতা প্রতিনিধি অমর সাহা। গত রোববার কলকাতার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত বছর ২৫ নভেম্বর প্রথম আলোয় টিপাইমুখ নিয়ে এক পৃষ্ঠাব্যাপী বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।কলকাতাসহ পশ্চিমবঙ্গের সাংবাদিকদের লেখা সেরা প্রতিবেদনের জন্য এই পুরস্কার দিয়ে আসছে কেকেএন গ্রুপ অব কোম্পানিজ ও ক্যানডিড কমিউনিকেশন। এ দিন বাংলা, ইংরেজি ও হিন্দি পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিকদের বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেরা বাংলা প্রতিবেদন হিসেবে পুরস্কার পায় অমর সাহার টিপাইমুখের ওই বিশেষ প্রতিবেদনটি। পুরস্কার তুলে দিতে গিয়ে মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কলকাতার এক সাংবাদিক বিদেশের পত্রিকায় লিখে সেরা বাংলা প্রতিবেদনের পুরস্কার পেলেন, এটা সত্যিই আনন্দের। তিনি আরও বলেন, ‘আমি প্রথম আলোর কথা জানি। খুব ভালো কাগজ। আমি মাঝেমধ্যে ইন্টারনেটে পড়িও।’