টিপাইমুখ বাঁধ ইস্যুতে সংসদে অধিবেশন ডেকে আলোচনার আহবান
ভারতের বরাক নদে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ করতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডেকে আলোচনার আহ্বান জানিয়েছেন সিলেটে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে প্রতিরোধ আন্দোলনের সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান। প্রতিরোধ আন্দোলনের নেতারা জানান, গত ২৪ মার্চ সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিপাইমুখ বাঁধ নিয়ে সম্ভাব্য ক্ষতির বিষয়টি ‘যদি’ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর এমন প্রতিক্রিয়া এবং সম্প্রতি সরকারের পক্ষ থেকে এ-সংক্রান্ত সমীক্ষা দলে নদী বিশেষজ্ঞ কেউ না থাকার প্রতিবাদে গতকাল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, আবুল হোসেন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল রায় সমাবেশ সঞ্চালনা করেন।