টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সুস্পষ্ট ঘোষণার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালীন টিপাইমুখের বাঁধ নির্মাণকাজ বন্ধে সুস্পষ্ট ঘোষণাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (মার্কসবাদী)। 
গতকাল শনিবার বিকেলে নগরে বাসদ সিলেট জেলা শাখা বিক্ষোভ মিছিল করে সমাবেশ থেকে এ আহ্বান জানায়।
বিকেল চারটায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার সদস্য হুমায়ুন রশীদের সভাপতিত্বে সমাবেশে বাসদ নেতা সুশান্ত সিনহা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী সুসম্পর্কের কথা বলে এলেও বাস্তবিক অর্থে বাংলাদেশের স্বার্থ বিপন্ন। দীর্ঘদিন ধরে সুরমা ও কুশিয়ারা নদীর উজানে ভারতের টিপাইমুখ নামক স্থানে বাঁধ নির্মাণের আয়োজন চলছে। সিলেট অঞ্চলের প্রাণ ও প্রকৃতিকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ সফরকালীন ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধসহ নদ-নদীর ন্যায্য হিস্যা আদায় করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।