টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সোনারগাঁয়ে সমাবেশ
ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ঘাটে জেলে ও মাঝি সমাবেশ হয়েছে। সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ আরেকটি মরণ ফাঁদ। এ বাঁধ নির্মিত হলে মেঘনা নদী হুমকির মুখে পড়বে। মেঘনার পরিণতি হবে প্রমত্তা পদ্মার মতো। ফলে এ এলাকার পরিবেশ বিপর্যয় হবে। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।সোনারগাঁ নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের সদস্য বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, ফিরোজ কবির সরকার, প্রভাষক জানে আলম প্রমুখ।সমাবেশে খেয়াঘাট এলাকার বিপুলসংখ্যক মাঝি ও জেলে ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে আয়োজকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে টিপাইমুখ বাঁধের বিরোধিতা করেন। তাঁরা এ বাঁধ নির্মাণ বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।