বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ ও গণতন্ত্র রক্ষার আন্দোলন করায় ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। ইলিয়াস আলী নিখোঁজ হননি। সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির রোডমার্চ শেষে মহাসমাবেশকে সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ইলিয়াস আলী প্রমাণ করেছিলেন, শেখ হাসিনার সরকারের জন্য ইলিয়াস একটি আতঙ্ক। তাই ওয়াদা করেও শেখ হাসিনা ইলিয়াস আলীকে তাঁর পরিবারের মধ্যে ফিরিয়ে দেননি।সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে গতকাল মঙ্গলবার মির্জা ফখরুল তাঁর পরিবারের সদস্যদের এ কথা বলে শান্ত্বনা দেন। পরে বিশ্বনাথ বাজারে ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস গত ১৭ এপ্রিল মাসে ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। প্রায় চার মাসের মাথায় গতকাল মির্জা ফখরুল ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তাঁর মা সূর্যবান বিবি এবং গাড়িচালক আনসার আলীর বাড়িতে গিয়ে তাঁর মা নূরজাহান বেগম ও স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে দেখা করেন।বিশ্বনাথ বাজারে আয়োজিত ওই সমাবেশে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতি সরকারের আস্থা নেই বলেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। তত্ত্বাবধায়ক পদ্ধতি ছাড়া এ দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সাবেক সাংসদ কলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল প্রমুখ।এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন: মির্জা ফখরুল সিলেটে এসে গতকাল সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের মাজার জিয়ারত করেন। পরে তিনি ৮ জুলাই আগুনে পোড়ানো সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন করেন। ছাত্রাবাস পরিদর্শনকালে মির্জা ফখরুল বলেন, ‘যারা ছাত্রাবাস পুড়িয়েছে, তারা সরকারদলীয় হওয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ সাংগঠনিক ঐক্য ধরে রাখার আহ্বান: মির্জা ফখরুল বিকেলে একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় সাংগঠনিক ঐক্য ধরে রেখে নেতা-কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।