টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদ
টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতীয় উদ্যোগের প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বলেছেন, টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের প্রধানমন্ত্রীর চূড়ান্ত ঘোষণা দুই দেশের মধ্যকার আস্থা ও বিশ্বাস নষ্ট করবে। ওই বাঁধ নির্মাণ করা হলে শুধু বাংলাদেশই নয়; ভারতের মণিপুর, মিজোরাম এবং আসামও পরিবেশগত বিপর্যয়ের মধ্যে পড়বে।গতকাল বুধবার টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই আশঙ্কার কথা জানান। ভারতের ওই ঘোষণার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর সম্পাদক আবুল হোসাইন। বক্তারা বলেন, টিপাইমুখে ওই বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট জেলা বন্যা ও খরার শিকার হবে। তাই এই বাঁধের বিরোধিতা করা ছাড়া কোনো বিকল্প নেই। তাঁরা আরও বলেন, এ রকম অবস্থায় ভারত থেকে ফিরে এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যেসব বক্তব্য দিয়েছেন, তা আরও উদ্বেগজনক।উপদেষ্টারা ভারতের না বাংলাদেশের হয়ে কথা বলছেন, তা বোঝা যাচ্ছে না।সমাবেশে বক্তব্য দেন নুরুল হাসান, কামরুল আহসান, মোজাম্মেল হক, মোস্তফা আলমগীর প্রমুখ। উপস্থিত ছিলেন দীপংকর সাহা, কিশোর রায়, আলী শিকদার, সাইফুল ইসলাম, মোর্শেদা আক্তার প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে পার্টির ঢাকা মহানগর শাখার উদ্যোগে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।