টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নতজানু। এদের পক্ষে দেশের স্বার্থ রক্ষা সম্ভব নয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দেশের এই সংকটের সময় মওলানা ভাসানীর মতো মানুষের দরকার ছিল। তিনি ফারাক্কা বাঁধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নদীতে বাঁধ বা ড্যাম নির্মাণের এই পদ্ধতি এখন পরিত্যক্ত। সাম্রাজ্যবাদীরা ভাটির দেশগুলোকে বিপদে ফেলতে এই কাজ করছে। তিনি বলেন, ‘সরকার চুপ করে আছে। অথচ তিন কোটি মানুষের জীবন-জীবিকা আজ বিপন্ন। এটা কোনো বিদ্রোহের কথা নয়। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এর প্রতিবাদ করতে না পারলে ৫০ ভাগ হাওর শুকিয়ে যাবে।’ আলোচনা সভার প্রধান বক্তা ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, এ দেশের রাজনীতিবিদেরা রাজনৈতিক কলাকৌশল না জানায় আধিপত্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে।স্মৃতি সংসদের সভাপতি নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।