টিপাইমুখ বাঁধ নিয়ে আন্তর্জাতিক সমীক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথ নয়, আন্তর্জাতিক সমীক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘আমরা হাওরাঞ্চলবাসী’।গতকাল সোমবার সকালে শহরের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, যত দিন পর্যন্ত টিপাইমুখ বাঁধ নিয়ে আন্তর্জাতিক সমীক্ষা এবং সেই সমীক্ষার ফলাফল জনসমক্ষে প্রকাশ না করা হচ্ছে, তত দিন পর্যন্ত এই বাঁধের নির্মাণ প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কলেজশিক্ষক এনামুল কবীর, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী, কবি রাজীব চৌধুরী, সংবাদকর্মী শামস শামীম, মাহমুদুর রহমান, হিমাদ্রী শেখর ভদ্র, মাইদুল রাসেল।কিশোরগঞ্জে মানববন্ধন: নিজস্ব প্রতিবেদক (কিশোরগঞ্জ) জানান, টিপাইমুখে ভারত সরকারের বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার শহরের স্টেশন রোডে হাওরাঞ্চলবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্যে উদ্বৃত্ত হাওরাঞ্চল দেশের বিশাল জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিধানে বিরাট ভূমিকা রাখে। টিপাইমুখে বাঁধ নির্মিত হলে হাওরের ধান, মাছ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের সার্বিক উন্নয়ন ও ভালোর জন্য টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে সম্মিলিতভাবে সক্রিয় আন্দোলন গড়ে তুলতে হবে।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন ও রুহুল আমিন।