টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে অবস্থান ঠিক করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল শনিবার সকালে ঢাকা থেকে টিপাইমুখ বাঁধ অভিমুখে লংমার্চ কর্মসূচিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পথসভায় এরশাদ এই আহ্বান জানান। তিনি বলেন, ‘টিপাইমুখ বাঁধ সিলেটের মানুষের জন্য মহাদুর্যোগ, দেশের জন্য অশনিসংকেত। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসুন। সব দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন।’বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে এরশাদ সব রাজনৈতিক দলের প্রতিও একই আহ্বান জানান। তিনি বলেন, ‘এই বিপদের দিনে আসুন একসঙ্গে বসি, আলোচনা করে সমাধানের পথ বের করি।’ এরশাদ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বলেছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না। ঘোষণা দিয়েছিলেন, ফেনী, তিস্তা নদের পানি চুক্তি করবেন, একটাও হয়নি। প্রতিশ্রুতি পালন করুন। আমাদের পাশে পাবেন।’টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আন্তর্জাতিক নদীতে উজানের দেশ ভাটির দেশের সঙ্গে আলোচনা না করে, যৌথ সমীক্ষা করা ছাড়া বাঁধ নির্মাণ করা বেআইনি। এই বাঁধ নির্মাণ আমরা মানি না।’ তিনি বলেন, ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে দেশের উত্তর অঞ্চলকে মরুভূমি করেছে, এবার সিলেটকে মরুভূমি করতে চায়। গতকাল সকাল সাড়ে সাতটায় প্রায় ২০০ গাড়ি নিয়ে ঢাকার বনানী থেকে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির লংমার্চ কর্মসূচি শুরু হয়। হবিগঞ্জ এলাকায় আরও শতাধিক গাড়ি বহরে যুক্ত হয়। পথে সাতটি পথসভায় এরশাদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিকেল সোয়া চারটায় এরশাদ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে যোগ দেন। পৌনে এক ঘণ্টার সমাবেশে এরশাদসহ দলের ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য বক্তব্য দেন। আজ রোববার সকাল ১০টায় সিলেট শহর থেকে এরশাদের লংমার্চ জকিগঞ্জের উদ্দেশে রওনা হবে। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। জাপার সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, ফজলে রাব্বী, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, সাংসদ সালমা ইসলাম, নূরে হাসনা লিলি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে শুধু কাজী ফিরোজ রশীদ টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মাণ ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। এ জন্য মহাজোটের শরিক হয়েও লংমার্চ করতে বাধ্য হয়েছি। দুই দলের সীমাহীন দুর্নীতি ও দুরবস্থার কারণে দেশ চালানো অসম্ভব হয়ে পড়েছে।’অবশ্য দলটির স্থানীয় নেতাদের প্রায় সবাই টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আওয়ামী লীগের সরকারের নমনীয় মনোভাবের কঠোর সমালোচনা করেন।