টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, একদিকে ভারত সরকারকে বাঁধ করার জন্য সম্মতি দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে, অন্যদিকে দেশের জনগণকে বলা হচ্ছে ক্ষতিকর কিছু হলে বাঁধ হবে না। বিষয়টি সরকারকে পরিষ্কার করতে হবে।জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার আয়োজিত এক নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সমাবেশের আয়োজন করে।সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে সমীক্ষা দলে বাংলাদেশের পক্ষ থেকে যে কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের কেউ কেউ বাঁধের পক্ষে সাফাই গেয়ে আসছেন। আবার কয়েকজন নদী, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ নন। সমাবেশে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, স্থপতি ইকবাল হাবিব, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।