টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের যৌথ সমীক্ষা কমিটি প্রত্যাখ্যান করেছেন ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’-এর নেতারা। গত শুক্রবার রাতে সিলেট নগরের এক রেস্তোরাঁয় জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়।প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে রেস্তোরাঁর হলরুমে আয়োজিত ওই সভায় জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সিকান্দর আলী প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণে যৌথ সমীক্ষার অংশ হিসেবে সরকারের বিশেষজ্ঞ কমিটি গঠনের যে সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে পানি বা নদীবিশেষজ্ঞ নেই। সরকারের আজ্ঞাবহ আমলাদের নাম আছে। এই আমলাদের দিয়ে দেশের স্বার্থ রক্ষা হবে না। দেশের স্বার্থে জনগণের কাছে গ্রহণযোগ্য পানিবিশেষজ্ঞ, পরিবেশবিজ্ঞানী, পেশাদার কূটনীতিবিদ এবং রাজনৈতিক নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে।সভায় আগামীকাল সোমবার সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকার ১২টি জেলার জেলা প্রশাসক কার্যালয়ে বেলা ১১টায় অবস্থান ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার পূর্বঘোষিত কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।