সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জকে ‘ভাটিবাংলা’ আখ্যায়িত করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, টিপাইমুখে বাঁধ হলে হাওরাঞ্চলের কোটি মানুষের জীবনযাত্রা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। হাওরে রোরো ফসল হবে কি না, জীবনযাত্রা স্বাভাবিক থাকবে কি না—এ নিয়ে মানুষজন চিন্তিত। বাঁধ নির্মাণের আগে এ বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ কমিশন গঠনের আহ্বান জানান তিনি।গতকাল বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহিদ আলী পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর গতকাল প্রথম তিনি তাঁর নির্বাচনী এলাকার শাল্লা উপজেলায় যান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ মহিবুর রহমান মানিক, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান, খালিয়াজুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লার সাধারণ সম্পাদক অলিউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, দলের নেতা আল-আমিন চৌধুরী, আশিষ তালুকদার, তকদির হোসেন, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।