টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আমলসীদমুখী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলসীদ। উজানে সীমান্তের ওপারে ভারতের বরাক নদের টিপাইমুখ। দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার। ভারতের বরাক নদ সীমান্ত পেরিয়ে আমলসীদে মিলিত হয়েছে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর সঙ্গে। টিপাইমুখ বাঁধ হলে এই তিন নদীর মিলনস্থলই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে—এ আশঙ্কায় সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনের গন্তব্য এখন আমলসীদমুখী হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম আমলসীদমুখী রোডমার্চ করেছে। আগামী রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে লংমার্চ কর্মসূচির গন্তব্যও আমলসীদ। এ ছাড়া গত প্রায় ১৫ দিনে আমলসীদে বিভিন্ন সংগঠনের একাধিক কর্মসূচি পালিত হওয়ায় সীমান্তের নীরব এলাকা আমলসীদ সরব হয়ে উঠছে।আন্দোলনের গন্তব্য আমলসীদ হওয়ার কারণ সম্পর্কে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ‘ভারতের টিপাইমুখের ভাটি এলাকা হচ্ছে বাংলাদেশের আমলসীদ। দূরত্ব প্রায় শত কিলোমিটার হলেও সেখানে প্রতিবাদ কর্মসূচি পালনের মধ্যে এক ধরনের উদ্দীপনা মেলে। এ কারণে পায়রা উড়িয়ে শান্তিপূর্ণ প্রতীকী একটি কর্মসূচি পালন করা হয়।’সুরমা-কুশিয়ারা-মেঘনা নদীর অববাহিকা অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সিলেটে বাম-প্রগতিশীল সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’ ১২ ডিসেম্বর ১৪ জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের প্রেরণায় রয়েছে জকিগঞ্জের আমলসীদ। প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য প্রথম আলোকে জানান, ১২ ডিসেম্বর একযোগে মানববন্ধন কর্মসূচিসহ মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন শেষে আমলসীদমুখী ভারত-বাংলাদেশ যৌথ সমাবেশ কর্মসূচির ডাক দেওয়া হবে।রোববারের লংমার্চ সামনে রেখে গত বুধবার সিলেটে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি (এরশাদ) আমলসীদমুখী ‘টিপাইমুখ বাঁধবিরোধী লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, জাপার চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে ঢাকা থেকে ১০ ডিসেম্বর লংমার্চ সিলেটে পৌঁছাবে। ওই দিন নগরের আলিয়া মাদ্রাসা ময়দানের জনসভায় এরশাদ বক্তব্য দেবেন। পরদিন ১১ ডিসেম্বর সিলেট থেকে জকিগঞ্জের আমলসীদমুখী লংমার্চ শুরু হবে।সংবাদ সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম আলম, আতিকুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীসহ জেলা সভাপতি গিয়াস উদ্দিন, মহানগরের সভাপতি কাজী আশরাফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমলসীদমুখী রোডমার্চ শুরু উপলক্ষে জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সব সময়ই বিমাতাসুলভ আচরণ করে থাকে। সরকারের দুজন উপদেষ্টা ভারত থেকে আসার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা দিলেন, টিপাইমুখে বাঁধ হবেই। এর মাধ্যমে প্রমাণিত হয়, সরকার গোপনে ভারতকে মদদ দিচ্ছে।’