টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিপাইমুখ বাঁধ হলে কোনো দলের ক্ষতি হবে না, বাংলাদেশের ক্ষতি হবে। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে দেশের স্বার্থে দল-মতনির্বিশেষে ঐক্য গড়ে তুলুন।’ গতকাল মঙ্গলবার সিলেটের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা মানববন্ধন করে এ আহ্বান জানান। দুপুর ১২টায় নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে মানববন্ধনে একাত্ম হন সিলেটসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। জেলার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এ মানববন্ধনের আয়োজন করেন।সুনামগঞ্জের ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারত সরকারকে বিরত রাখতে বাংলাদেশে দল-মতনির্বিশেষে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘ভারত বাঁধ নির্মাণের প্রস্তুতি গ্রহণ করেছে। আর আমাদের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব রয়েছে। এমন হতে পারে না। এ বাঁধের বিরুদ্ধে সরকার কথা বললে আমরা সরকারের পাশে থাকব। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’সমাবেশের সভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ‘এ বাঁধ হয়ে গেলে সিলেট অঞ্চল মরুভূমি হয়ে যাবে। বাঁধ যাতে নির্মিত না হয়, সে জন্য সরকারকে সক্রিয় হতে হবে। অন্যথায় আর কেউ না এলেও জনপ্রতিনিধিরা বুকের রক্ত দিয়ে হলেও এ মরণবাঁধ নির্মাণ প্রতিহত করবে।’শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ১৯ ডিসেম্বর: ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ১৯ ডিসেম্বর সিলেটে মহাসমাবেশ আহ্বান করেছে। গতকাল মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে এক মতবিনিময় সভায় শাসনতন্ত্র আন্দোলনের নেতারা ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে মহাসমাবেশ ডাকা হয়েছে’ বলে ঘোষণা করেন। এতে শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাই পীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। গাজি বোরহান উদ্দিন মার্কেটের জেলা কার্যালয়ে জেলা সভাপতি সৈয়দ আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট জেলা সেক্রেটারি হাজি নজির আহমদ, মহানগর আহ্বায়ক মুফতি ফকরউদ্দিন আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক ছাদউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সোলাইমান হোসেনসহ ওসমানীনগর, জৈন্তাপুর, জকিগঞ্জ উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।