টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে চাই সর্বদলীয় ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য প্রয়োজন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব দলের ঐক্যবদ্ধ প্রতিবাদ কর্মসূচিই পারে বিশ্বজনমত গঠন করতে। এ জনমত গঠিত হলে আন্তর্জাতিক চাপে পড়ে ভারত বাঁধ নির্মাণ থেকে সরে দাঁড়াবে।’গতকাল শনিবার সিলেট বিভাগ নাগরিক ফোরাম আয়োজিত ‘টিপাইমুখ বাঁধ: বাংলাদেশের জন্য মহাবিপর্যয় এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান।সিলেট নগরের একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করেন সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ আবদুর রব এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ আকমল মাহমুদ। সেমিনারে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আকতারুল ইসলাম চৌধুরী। সেমিনারের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সিলেট সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগ নাগরিক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ ফয়জুর রহমান।ভারতের টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশসহ সিলেট অঞ্চলে এর পরিবেশগত ক্ষতির বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয় সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে। এ ব্যাপারে বিশেষজ্ঞ আলোচকেরা একমত পোষণ করে বাঁধের বিরুদ্ধে বিশ্বজনমত গড়তে বাংলাদেশে সর্বদলীয় ঐক্য গড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।বক্তৃতায় আন্তর্জাতিক নদী আইন বিশেষজ্ঞ আসিফ নজরুল বলেন, ‘ভারত যেখানে লিখিত চুক্তি মানে না, সেখানে মৌখিক আশ্বাসে বিশ্বাস করা মোটেই ঠিক নয়। বাঁধ নির্মাণ বন্ধ করার আলোচনায় কূটনৈতিক বা উপদেষ্টার চেয়ে রাজনৈতিক নেতা বড় ভূমিকা রাখতে পারেন। আওয়ামী লীগ-বিএনপির বা সর্বদলীয় নেতারাও হতে পারেন। না হলে আমরা চাই—আওয়ামী লীগেরই জাতীয় পর্যায়ের নেতারা ভারত গিয়ে আলোচনা করে বাঁধ নির্মাণ বন্ধের উদ্যোগ নেবেন। এতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আদালতে সরকারকে যেতে হবে।’টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে পক্ষে-বিপক্ষে রাজনীতি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আগে বাংলাদেশ, পরে আওয়ামী লীগ-বিএনপি। বাংলাদেশ না থাকলে কিসের রাজনীতি, কিসের সরকার! টিপাইমুখের মতো বড় ইস্যুতে যদি দুই নেত্রী এক হতে না পারেন, তাহলে আমরা উনাদের জাতীয় নেত্রী হিসেবে ডাকব না। দলীয় নেত্রী হিসেবেই বিবেচনা করব।’ফোরামের আহ্বায়ক অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে সেমিনারে আমন্ত্রিত আলোচক ছাড়াও যুক্তরাজ্যপ্রবাসী ও সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিরা বক্তব্য দেন। সেমিনার সঞ্চালন করেন মোছাদ্দেক আহমদ চৌধুরী।যুক্তরাজ্যে সিলেট প্রবাসীদের সংগঠন ‘গ্রেটার সিলেট কাউন্সিল’-এর সাধারণ সম্পাদক মির্জা আসাদ বেগ বক্তৃতায় বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে যুক্তরাজ্যে বাংলাদেশিদের উদ্যোগে ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে। এ ইস্যু ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপনের জন্য আমরা চেষ্টা করছি।’