টিপাইমুখে নদী থেকে পানি প্রত্যাহারের ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ভারতের বরাক নদে টিপাইমুখ বাঁধের নির্মাণকাজ এখনো শুরু হয়নি বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্পে নদী থেকে ভারতের পানি প্রত্যাহারের কোনো ব্যবস্থা নেই। প্রকল্পটি শুধু জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য করা হবে।জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে এম এ মান্নানের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা জানান। প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়।পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতের নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যের সীমান্তে পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন বরাক নদ ও এর বিভিন্ন উপনদের প্রবাহের কারণে বর্ষা মৌসুমে ভারতের আসাম রাজ্যের কাচার এলাকায় প্রায়ই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ এলাকাকে বন্যা থেকে রক্ষা করতে ভারত বরাক নদের উজানে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করে। ১৯৭২ সালের ২৫-২৬ জুন বাংলাদেশ-ভারত যৌথ কমিশনের প্রথম বৈঠকে বিস্তারিত আলোচনার পর বাংলাদেশের সিলেট ও ভারতের কাচার এলাকার বন্যা-পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সমীক্ষা দল গঠন করা হয়। সমীক্ষা দল মাঠপর্যায়ে পরিদর্শন শেষে প্রতিবেদনে একটি দীর্ঘমেয়াদি কাজ হাতে নেওয়ার সুপারিশ করে। পরে ১৯৭৮ সালের জানুয়ারিতে যৌথ নদী কমিশনের ১৪তম বৈঠকে ভারত প্রথম টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়টি অবহিত করে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, উভয় দেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা বরাক নদের প্রকল্পের বিভিন্ন দিক পরীক্ষা করে দেখবেন ও অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করবেন।দীপু মনি জানান, ২০০৯ সালের ৪ আগস্ট পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য ভারতে যায়। ওপর থেকে পরিদর্শনকালে ওই এলাকায় বাঁধ নির্মাণসংক্রান্ত কোনো অবকাঠামো গোচরীভূত হয়নি।নাছিমুল আলম চৌধুরীর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দুই লাখ ৬৭ হাজার ৮০৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছে। তাদের অবস্থান বৈধ করার কাজ শেষের দিকে। মালয়েশিয়ায় আবার শ্রমিক পাঠানোর কাজ শুরু হবে। এ কে এম মাইদুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জানান, ব্রহ্মপুত্র নদের পানি বণ্টনের ব্যাপারে বাংলাদেশ, চীন ও ভারতের মধ্যে আলোচনার জন্য একটি প্রস্তাব আছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।ফজিলাতুন নেসা বাপ্পীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে দীপু মনি জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় নেওয়া সিদ্ধান্ত অনুসারে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক বৈঠকের কার্যক্রম এগিয়ে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের কাজও এগিয়ে চলছে।