টিপাইমুখে বাঁধ হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে
টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশ সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে দাবি করে এই বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা)। একই দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বাংলাদেশের সম্ভাব্য লাভ ও ক্ষতির সমীক্ষা চালিয়ে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে।টিপাইমুখ সমস্যা নিয়ে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভার আয়োজন করে বাপা। সভায় বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, এই বাঁধে কোনো দেশই উপকৃত হবে না বরং ক্ষতিগ্রস্ত হবে। কারণ টিপাইমুখ বাঁধে শুধু জলবিদ্যুৎ প্রকল্পই হবে না, এটি একটি বহুমুখী প্রকল্প। এতে উভয় দেশের প্রকৃতি, নদী, জীববৈচিত্র্যসহ সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। এতে বিপন্ন হবে জনজীবন।মোজাফ্ফর আহমদ বলেন, ‘টিপাইমুখ-সংলগ্ন ভারতীয় রাজ্য এবং বাংলাদেশের বৃহত্তর সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহের কোটি কোটি জনতা আতঙ্কিত ও ক্ষুব্ধ। ভারত সরকারের সেন্সরশিপের কারণে ওই অঞ্চলগুলোর অধিকাংশ বিষয় আমরা জানতে পারছি না। তাই দেশের জনগণের দাবি বুঝে এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান করতে হবে সরকারকে।’কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে—এই ভয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে কোনো কথা বলছে না সরকার। এ ক্ষেত্রে সরকারের কোনো মনোবল নেই। টিপাইমুখ বাঁধ নিয়ে রাজনৈতিক স্বার্থে সমালোচনা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে আবুল মকসুদ বলেন, ‘আসলেই এটা নিয়ে রাজনীতি হচ্ছে। ভারত সরকার অসন্তুষ্ট হলে তারা বিএনপিকে সমর্থন দিতে পারে—এটাই হচ্ছে রাজনীতি।’লিখিত বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন টিপাইমুখ বাঁধ নির্মাণের ক্ষতির দিক, বাঁধ নির্মাণের কারণে ভারতের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন, এ-সংক্রান্ত তথ্য প্রকাশে উভয় দেশের গোপনীয়তাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া বাঁধ নির্মাণসংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি বাতিল, আলোচনা ছাড়া দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ওপর কোনো অবকাঠামো নির্মাণ না করা, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনকে আরও কার্যকর করাসহ চৌদ্দটি দাবি উপস্থাপন করেন তিনি।জাসদের সভা: গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পৃথক আরেকটি সভার আয়োজন করে জাসদ। ‘ভারত সরকার কর্তৃক একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের সিদ্ধান্ত: বাংলাদেশের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীফ নুরুল আম্বিয়া। প্রধান আলোচকের বক্তব্যে কাজী খলীকুজ্জমান বলেন, মনমোহন সিং বারবার বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছু টিপাইমুখে হবে না। কিন্তু গত ২২ অক্টোবর ভারতের কেন্দ্রীয় সরকারের উপস্থিতিতে ভারতের একটি অঙ্গরাজ্যের সঙ্গে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের চুক্তি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকার কেন কোনো আলোচনা করেনি? প্রকৌশলী আমিনুর রহমান বলেন, টিপাইমুখে যেখানে বাঁধ নির্মাণ করা হবে, সেখানে ছোট ছোট পাঁচটি ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে। ওই স্থানে ড্যাম বা জলাধার তৈরি করা হলে ভূমিকম্পের প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।সভায় প্রকৌশলী আবুল কাসেম, শিরিন আখতারসহ কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সিটিজেন রাইটস মুভমেন্ট: টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধে সব রাজনৈতিক দলকে একমত হয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি সংস্থা সিটিজেন রাইটস মুভমেন্ট ও ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই সমাবেশ করে। সমাবেশ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়।