টিপাইমুখে যৌথ সমীক্ষা দিল্লিতে বিশেষজ্ঞ কমিটির বৈঠক আজ
টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষার বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞ কমিটির বৈঠক আজ সোমবার দিল্লিতে শুরু হচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞদের প্রথম বৈঠকে মণিপুরে নির্মাণাধীন বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের সমীক্ষার কার্যপরিধি চূড়ান্ত করা হবে। এর ভিত্তিতে ভারতের মণিপুরে নির্মাণাধীন বৃহদায়তনের ওই জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে সমীক্ষা শুরু হবে।বিশেষজ্ঞ কমিটির দুই দিনের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেন। ভারতের নেতৃত্ব দেবেন সে দেশের জেআরসির সদস্য দেবেন্দ্র শর্মা। বিশেষজ্ঞ কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়া কার্যপরিধির আওতায় বাংলাদেশকে তথ্য-উপাত্ত দেওয়ার পাশাপাশি সমীক্ষায় কীভাবে সহযোগিতা দেওয়া হবে, সেটিও ভারত জানাবে। জানা গেছে, দিল্লির বৈঠকে ভারতের মণিপুরে নির্মাণাধীন বৃহদায়তনের এ জলবিদ্যুৎ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করবে ভারত। অর্থাৎ বর্তমানে প্রকল্পের কাজ কী পর্যায়ে রয়েছে, সেটি জানানো হবে। এ ছাড়া প্রকল্পটিতে বাংলাদেশকে অংশীদার করার বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞরা কথা বলবেন। সংশোধনী: ২৫ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেনের নাম ভুলবশত সৈয়দ সাজ্জাদ হোসেন ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।