টিপাইমুখে সমীক্ষা চালাতে বাংলাদেশ দল গঠন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানিয়েছেন, টিপাইমুখ বাঁধের ফলে বাংলাদেশের ওপর কী প্রভাব পড়বে, তা নিরূপণে সমীক্ষা চালাতে বাংলাদেশ পক্ষের দল গঠন প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নূর-ই-হাসনা লিলি চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।মন্ত্রী জানান, ভারত কর্তৃক প্রস্তাবিত টিপাইমুখ (বহুমুখী) জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত ও বাংলাদেশ যৌথ সমীক্ষা প্রণয়নে ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় পক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।সানজিদা খানমের সম্পূরক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন নদীতে খননকাজ চালাতে ১১টি ড্রেজার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ড্রেজারগুলো আসার পর যমুনাসহ বড় বড় নদীতে খননকাজ শুরু হবে। আগামী জুন থেকে ড্রেজার আসা শুরু হবে।নাজমা আক্তারের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৪৪৩ টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন। তারানা হালিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত ও স্বচ্ছতার ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শেষ করার জন্য আরও ট্রাইব্যুনাল গঠনের কাজ প্রক্রিয়াধীন।হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে। এ বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফরিদুন্নাহার লাইলীর লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বিকল্প পদ্ধতিতে বিরোধ-নিষ্পত্তি করা না হলে সারা দেশের বিপুল পরিমাণ মামলার নিষ্পত্তি করা অসম্ভব।বিএনপির অনুপস্থিত সাংসদ নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে জেলা জজ পদে ৮৪ জন, যুগ্ম জেলা জজ পদে (সাব-জজ) ৫৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৫ জন ও আপিল বিভাগে ১০ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে।ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে সংসদকাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে দুই লাখ ৩১ হাজার ১৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে মোট ১০ লাখ ৭৮ হাজার ৮২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে মহিলা দুই লাখ ২৭ হাজার ১১৪ জন। বর্তমানে শূন্য পদের সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭২৬টি।