জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করে টিপাইমুখের বাঁধের বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছে সিলেটে ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’। গতকাল শুক্রবার সিলেটে সুরমা-কুশিয়ারা-মেঘনা নদী অববাহিকার সাত জেলার প্রতিনিধিদের সমন্বয়ে আঞ্চলিক সমন্বয় সভা থেকে এ আহ্বান জানানো হয়।সমন্বয় সভা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকার সব জেলা ও উপজেলায় প্রশাসনিক কার্যালয়ের সামনে একযোগে অবস্থান কর্মসূচি পালন করার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য। সমন্বয় সভায় সূচনা বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। সভায় একাত্ম হওয়া বিভিন্ন জেলার পক্ষে সিলেটের প্রবীণ রাজনীতিবিদ আরশ আলী, কিশোরগঞ্জ জেলার সৈয়দ নজরুল ইসলাম, নেত্রকোনার খন্দকার আনিসুর রহমান, নারায়ণগঞ্জের নিখিল দাস, মৌলভীবাজারের সিরাজউদ্দিন আহমদ, সুনামগঞ্জের এনাম আহমদ ও ব্রাহ্মণবাড়িয়ার মো. নজরুল ইসলাম বক্তব্য দেন।প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল রায় সঞ্চালনায় আঞ্চলিক সমন্বয় সভায় সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকান্দর আলী, ন্যাপের ইসহাক আলী, কমিউনিস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, ছাত্রমৈত্রীর শাহিন আহমদ, ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক জয়দীপ ভট্টাচার্য, ছাত্র ইউনিয়ন শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একনাগাড়ে চলা সমন্বয় সভায় বক্তারা বলেন, বিএনপি-আওয়ামী লীগ সরকারে কিংবা বিরোধী দলে থাকাকালে টিপাইমুখ বিষয়ে কখনো তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেনি। বরং বর্তমানে ক্ষমতায় টিকে থাকা কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য টিপাইমুখ বাঁধকে একটি ইস্যু হিসেবে ব্যবহার করতে চেয়েছে। বক্তারা প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে ওঠা টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনকে সঠিক ধারায় পরিচালিত করে গণ-আন্দোলনে রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।সমন্বয় সভার সমাপনী বক্তব্যে প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকার জেলা ও উপজেলার প্রশাসনিক কার্যালয়ের সামনে একযোগে অবস্থান গ্রহণ করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ কর্মসূচির পর সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকা অঞ্চলগুলোর জাতীয় সংসদ সদস্যদের প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপির মাধ্যমে সংসদে আলোচনার আহ্বান জানানো হবে বলে ঘোষণা করা হয়।