ভারতের টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা দলের দ্বিতীয় বৈঠক গতকাল শুক্রবার ঢাকায় শুরু হয়েছে। ভারতের মণিপুর রাজ্যে জলবিদ্যুৎ প্রকল্পটি হলে দুই প্রতিবেশী দেশে বৃহদায়তন প্রকল্পটির কী নেতিবাচক প্রভাব পড়বে, তা খতিয়ে দেখতে যৌথ সমীক্ষার লক্ষ্যে এ বৈঠক হচ্ছে। গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দিনের এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেন। আর ভারতের নেতৃত্ব দিচ্ছেন জেআরসির অন্যতম সদস্য এন কে মাথুর। মূলত জেআরসির একটি কারিগরি উপকমিটির আওতায় এ বৈঠকটি হচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, টিপাইমুখের সমীক্ষার জন্য দুটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন দুটিতে যৌথ সমীক্ষার রূপরেখা তথা কর্মপদ্ধতি ঠিক করা হয়েছে। এ প্রতিবেদন দুটি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এরপর আলোচনা সাপেক্ষে যৌথ সমীক্ষার রূপরেখা চূড়ান্ত করা হবে।পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) টিপাইমুখে যৌথ সমীক্ষার বাংলাদেশ পক্ষের পরামর্শক হিসেবে কাজ করছে।বৈঠকের একটি সূত্র জানিয়েছে, গত আগস্টে অনুষ্ঠিত প্রথম বৈঠকে বাংলাদেশকে টিপাইমুখ প্রকল্পের বেশ কিছু তথ্য দিয়েছে ভারত। এরপর সমীক্ষার প্রয়োজনে এবার আরও কিছু বিষয়ে ভারতের কাছে তথ্য চাইবে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্ত থেকে ২১০ কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের বরাক নদে নির্মিত হচ্ছে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে মণিপুর ও বাংলাদেশের পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ২০১১ সালের অক্টোবরে ভারতীয় কর্তৃপক্ষ একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই করে। এর জোরালো প্রতিবাদ জানায় বাংলাদেশ। এর আগে ভারতের সর্বোচ্চ নেতৃত্ব থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু টিপাইমুখ প্রকল্পে করা হবে না। বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে ভারত গত বছর প্রকল্পটি নিয়ে যৌথ সমীক্ষা করতে রাজি হয়।